হোম > স্বাস্থ্য

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৬, হাসপাতালে ভর্তি ১৮৬৮

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

দেশে ডেঙ্গুতে মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১ হাজার ৮৬৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২০১ জনের মৃত্যু হয়েছে।

মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারিতে ২, ফেব্রুয়ারিতে ২, মে মাসে ১, জুনে ১৩, জুলাইয়ে ৩৬ ও আগস্টে ৪৩ জন মারা যায়। তবে সেপ্টেম্বরের শুরু থেকে পরিস্থিতির অবনতি ঘটে। চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ১০৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ঢাকার উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৭৩ জন ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৭৯ জন নতুন রোগী ভর্তি হয়েছে। ঢাকা সিটি করপোরেশনের বাইরের এলাকাগুলোয় ভর্তি হয়েছে ৪০৫ জন।

ঢাকার বাইরে অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রামে ৩১৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া খুলনা বিভাগে ২৮০, বরিশাল বিভাগে ১৭৮, রাজশাহীতে ১৫৬, ময়মনসিংহে ১১৩, রংপুরে ৫৯ ও সিলেট বিভাগে ৮ জন নতুন রোগী ভর্তি হয়েছে।

সে হিসাবে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু নিয়ে ৬৭ হাজার ৩৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে ৬২ হাজার ১১৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং নারী ৩৭ দশমিক ৪ শতাংশ। আর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়ার ব্যক্তিদের মধ্যে নারী ৫২ শতাংশ এবং পুরুষ ৪৮ শতাংশ।