হোম > স্বাস্থ্য

হামের উপসর্গে ৮ জনের মৃত্যু

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছরে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৫ জনে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার পরিস্থিতি তুলে ধরা হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া আটজনের মধ্যে পাঁচজন ঢাকায়, একজন সিলেটে, একজন চট্টগ্রামে ও একজন ময়মনসিংহে চিকিৎসাধীন ছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে ২ লাখ ৩ হাজার ৮৪৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে উপসর্গ দেখা দিয়েছে ৯৫৫ জনের।

একই সময়ে পরীক্ষায় আরও ১৩১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে মোট ২২ হাজার ৩২৮ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৫১ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৪ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৫৫ জনে।

বিভাগভিত্তিক হিসাবে, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, ৪৭৬ জনের। এ ছাড়া সিলেটে ১৮৪, রাজশাহী ও চট্টগ্রামে ৯৩ জন করে, ময়মনসিংহে ৮১, বরিশালে ৬২, খুলনায় ৪৬ ও রংপুরে ১৬ জনের মৃত্যু হয়েছে।