দেশে গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬০ জন। আজ বুধবার ডেঙ্গু বিষয়ক হালনাগাদ তথ্য প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮৯ জনে। এর মধ্যে সেপ্টেম্বরে মারা গেছেন ১৪৮ জন। অক্টোবরের প্রথম ছয় দিনে মৃত্যু হয়েছে ৪৪ জনের। এছাড়া আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩, মে মাসে ১ এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২ জন করে মারা গেছেন।
আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৬০ জনসহ চলতি বছর মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯২ হাজার ২১৬ জনে। আজ একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৮৫২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৬ হাজার ১৫২ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকার দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে ৭৩০ জন। এরপর খুলনায় ৩৭৬, চট্টগ্রামে ২১৬, বরিশালে ২০০, রাজশাহীতে ১৭৬, ময়মনসিংহে ১১০, রংপুরে ৩৮ ও সিলেটে ১৪ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। এর মধ্যে ২০২৩ সালে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের; আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন প্রায় ১ লাখ ২ হাজার জন।