হোম > স্বাস্থ্য

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১১৪৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৪৫ জন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে ঢাকা বিভাগে তিনজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ঢাকা বিভাগে ৪১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ বিভাগে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ২৬৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ১৭৩ জন, বরিশালে ১৩৭, খুলনায় ১৪১, রংপুরে ৫৮ এবং ময়মনসিংহ বিভাগে ৮৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, নভেম্বরের প্রথম ২৪ দিনে ডেঙ্গুতে ১০৫ জনের মৃত্যু হয়েছে। এর আগে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে মারা যায়। মার্চ ও এপ্রিলে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। মে মাসে একজন, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩, সেপ্টেম্বরে ১৪৮ এবং অক্টোবরে ১৭৪ জনের মৃত্যু হয়।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৯৮৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৪ হাজার ৮৬১ জন।