হোম > স্বাস্থ্য

বিড়াল ও মানুষের মধ্যে মারাত্মক এক ছত্রাক ছড়াচ্ছে বিশ্বজুড়ে

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: এএফপি

দক্ষিণ আমেরিকায় বিড়াল ও মানুষের মধ্যে একটি মারাত্মক ছত্রাকের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে, যা অদূর ভবিষ্যতে যুক্তরাষ্ট্রেও আঘাত হানতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ১৯৯০-এর দশকে ব্রাজিলে প্রথম শনাক্ত হওয়া এই ছত্রাকের নাম ‘স্পোরোথ্রিক্স ব্রাসিলিয়েনসিস’। এটি বিড়ালের শরীরে ক্ষত ও শ্বাসকষ্ট তৈরি করে এবং বিড়াল থেকে মানুষসহ অন্যান্য প্রাণীতে সংক্রামিত হয়।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) জ্যেষ্ঠ উপদেষ্টা ড. শন লকহার্ট আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজির এক সভায় একে ‘ভীতিকর’ বলে আখ্যায়িত করেছেন। ব্রাজিলে ইতিমধ্যে এই ছত্রাকের কারণে হাজার হাজার বিড়ালের মৃত্যু হয়েছে এবং ১১ হাজারের বেশি মানুষ ও প্রায় ২০০ কুকুর এতে আক্রান্ত হয়েছে। বর্তমানে এটি ব্রাজিল ছাড়িয়ে প্যারাগুয়ে, চিলি, আর্জেন্টিনা ও উরুগুয়েতে ছড়িয়ে পড়েছে। লকহার্ট জানান, কোনো পর্যটক যদি দক্ষিণ আমেরিকা থেকে আক্রান্ত বিড়াল সঙ্গে নিয়ে আসেন, তবে যেকোনো দেশেই এটি ছড়িয়ে পড়তে পারে।

ছত্রাকটির আক্রমণ ও সংক্রমণের ধরন

এই ছত্রাকের দুটি রূপ। এটি ঠান্ডা আবহাওয়ায় বা মাটিতে একধরনের ছাতা বা মোল্ড হিসেবে থাকে এবং কোনো প্রাণী বা মানুষের শরীরে প্রবেশ করলে এককোষী ইস্টে রূপান্তরিত হয়। আক্রান্ত বিড়ালের ত্বক ও লিম্ফ নোডে ক্ষত তৈরি হয়। চিকিৎসা না করালে এটি শতভাগ মারাত্মক ও প্রাণঘাতী হতে পারে। মানুষের ক্ষেত্রে এটি ত্বকে বেদনাদায়ক ক্ষতের সৃষ্টি করে এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন মানুষের মৃত্যুর কারণও হতে পারে।

বিড়ালের স্বাভাবিক আচরণই এই সংক্রমণ ছড়ানোর মূল কারণ। বিড়াল যখন একে অপরকে চাটে, কামড় ও আঁচড় দেয়, তখন এই ছত্রাক সহজেই ছড়িয়ে পড়ে। আক্রান্ত বিড়ালের আঁচড় বা কামড়ের মাধ্যমে এটি মানুষের শরীরেও প্রবেশ করতে পারে। এ ছাড়া ২০২২ সালের এক গবেষণায় দেখা গেছে, আক্রান্ত বিড়ালের হাঁচির মাধ্যমেও এই ছত্রাক বাতাসে ছড়িয়ে পড়তে পারে।

এর স্থায়িত্ব ও প্রতিরোধব্যবস্থা

গবেষণায় দেখা গেছে, ছত্রাকটি স্টেইনলেস স্টিলের মতো শক্ত তলে প্রায় ১০ সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারে, যা অন্যান্য সাধারণ ছত্রাকের চেয়ে অনেক বেশি। ফলে পশুচিকিৎসকদের চেম্বার বা টেবিল ভালোভাবে পরিষ্কার না করা হলে অন্য প্রাণীরাও সংক্রমিত হতে পারে। তবে আশার কথা হলো, ব্লিচ বা ইথানল দিয়ে এটি সহজেই ধ্বংস করা যায়।

এক প্রতিবেদনে সায়েন্স নিউজ জানিয়েছে, বর্তমানে বাণিজ্যিকভাবে এই ছত্রাক শনাক্তকরণের কোনো পরীক্ষা নেই। যুক্তরাষ্ট্রে বিড়াল প্রবেশের ক্ষেত্রে কেবল সাধারণ সুস্থতার সনদের প্রয়োজন হয়, যার ফলে আক্রান্ত বিড়াল সহজেই নজর এড়িয়ে যেতে পারে। তাই লকহার্ট পশুচিকিৎসকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এবং যেকোনো সন্দেহজনক কেস দেখলেই জনস্বাস্থ্য গবেষণাগার বা সিডিসিকে জানাতে অনুরোধ করেছেন।

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

নিপসমের পরিচালক হলেন ডা. নাসরিন সুলতানা

ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ হলেন আব্দুল আওয়াল, উপাধ্যক্ষ হায়দার আলী

হামের উপসর্গে মারা গেল আরও ৫ জন, মোট মৃত্যু ৬৬৬

ব্যক্তির চিকিৎসা ব্যয় কমাতে কার্যকর বিনিয়োগের তাগিদ

বিশেষ বিসিএসের মাধ্যমে আরও ৫ হাজার চিকিৎসক নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

হামের উপসর্গে প্রাণ গেল আরও ৪ জনের, মোট মৃত্যু ৬৬১

২০২৫ সালে চমেক হাসপাতালে ৮১ জনের শরীরে এইডস শনাক্ত

হামের প্রাদুর্ভাব: উপসর্গে প্রাণ গেল আরও একজনের, মোট মৃত্যু ৬৫৭

আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ