হোম > স্বাস্থ্য

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৩০

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। তাদের একজন ঢাকা বিভাগের; অন্যজন সিলেট বিভাগের। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই দুজনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সর্বশেষ দুজনসহ হামের উপসর্গ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে ৮৩১ জন মারা গেছে। এ ছাড়া হাম শনাক্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৩০।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে ৬৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ৮১৫ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে গেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ৭৫৮ জন।

ভর্তি রোগীর সংখ্যা ঢাকা বিভাগে ২৬৫ জন, রাজশাহীতে ২২, সিলেটে ৯১, চট্টগ্রামে ১৮৮, বরিশালে ১১০, ময়মনসিংহে ৩৯, খুলনায় ২৭ ও রংপুর বিভাগে ১৬ জন। এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ১ লাখ ২৯ হাজার ৫৮৩ জন। তাদের মধ্যে ১ লাখ ২৫ হাজার ১৫১ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে।

গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৬৭ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপরই আছে সিলেট বিভাগ; সেখানে মারা গেছে ১৩৯ জন। এ ছাড়া রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৬৩, বরিশালে ৪৯, ময়মনসিংহে ৭৪, খুলনায় ৩৩ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।

সরকারের তথ্য অনুযায়ী, দেশে হামের উপসর্গের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৮ হাজার ৪০৬। আর হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ২৭৩।