দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে এই রোগের উপসর্গ শনাক্ত হয়েছে ৯৭২ জনের।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ১৮৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট ৮৯৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৯ জনের। হামের উপসর্গ নিয়ে ৭৯৫ জন প্রাণ হারিয়েছে।
হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৪৬ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৩০ জন। এ ছাড়া রাজশাহীতে ৯১, চট্টগ্রামে ৬৩, বরিশালে ৪৭, ময়মনসিংহে ৭২, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২৮৪ জন, রাজশাহীতে ৩০, সিলেটে ১১৯, চট্টগ্রামে ২৫৪, বরিশালে ৭১, ময়মনসিংহে ৪৮, খুলনায় ৭০, রংপুরে ১০ জন। এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ১ লাখ ২২ হাজার ৭৯৪। তাদের মধ্যে ১ লাখ ১৮ হাজার ৫৪০ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে।
দেশে হামের উপসর্গের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৪৮। নিশ্চিত হামের রোগী বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৭৩০ জনে।