হোম > স্বাস্থ্য

এক দিনে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫৫

আজকের পত্রিকা ডেস্ক­

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে নানা বয়সী লোকজন। ছবি: আজকের পত্রিকা

হামের পাশাপাশি দেশে ডেঙ্গুতে মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১ হাজার ৬৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৯০ জনের মৃত্যু হয়েছে। মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩, জুলাইয়ে ৩৬ ও আগস্টে ৪৩ জন মারা যায়। তবে সেপ্টেম্বরের শুরু থেকে পরিস্থিতির অবনতি ঘটে। চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ৯৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকার উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৬৬ জন ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৬৭ জন নতুন রোগী ভর্তি হয়েছে। ঢাকা সিটি করপোরেশনের বাইরের এলাকাগুলোয় ভর্তি হয়েছে ২৮১ জন।

ঢাকার বাইরে অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রামে সর্বোচ্চ ৩১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া খুলনা বিভাগে ২৭১, বরিশাল বিভাগে ২১৭, রাজশাহীতে ১৪৬, ময়মনসিংহে ৪৩, রংপুরে ৪১ ও সিলেট বিভাগে ৯ জন নতুন রোগী ভর্তি হয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু নিয়ে ৬৩ হাজার ৬২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৫৯ হাজার ৩৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।