হোম > স্বাস্থ্য

হালকা ঠান্ডার সকাল শুরু হোক আদা-লেবুতে

ফিচার ডেস্ক

কয়েক দিন ধরে হালকা ঠান্ডার মিষ্টি আমেজে সকাল শুরু হচ্ছে। শেষরাতের দিকে অনেকেরই ঠান্ডা লাগছে বেশ। তাই ঘুম থেকে উঠে গলা ভার বা ম্যাজমেজে ভাব জড়িয়ে থাকছে শরীর ও মনে। এমন ভাব দূর করতে এক মুঠো আদা-লেবুর ‘জিঞ্জার শট’ আপনার পুরো শরীরকে নিমেষে চাঙা করে তুলতে পারে।

কেন খাবেন

আদার মধ্যে থাকা জিঞ্জেরল নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান শরীরের প্রদাহ কমায় এবং ঠান্ডাজনিত সমস্যার বিরুদ্ধে লড়াই করে।

আদা ও লেবুর এই মিশ্রণ শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়িয়ে ভাইরাস ও ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে সুরক্ষা দেয়।

সকালে খালি পেটে এই শট পান করলে হজমের প্রক্রিয়া দ্রুত সচল হয় এবং পেটের ফোলাভাব বা অস্বস্তি দূর হয়।

যেভাবে বানাবেন

এর জন্য দরকার সঠিক মাপ। এক-চতুর্থাংশ কাপ (২৪ গ্রাম) খোসা ছাড়ানো তাজা আদাকুচি এবং সমপরিমাণ (৬০ মিলি) তাজা লেবুর রস দিয়ে পানীয়টি তৈরি করতে হবে। এটি তৈরি করতে আদাকুচি ও লেবুর রস ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিন। পান করার সময় চাইলে এর সঙ্গে সামান্য মধু মিশিয়ে নিতে পারেন। তবে মিশ্রণটি মিহি ছাঁকনিতে ছেঁকে রস আলাদা করে নিন। প্রতিদিন সকালে ১ আউন্স (৩০ মিলি) এই শট পান করুন এবং বাকি অংশ একটি বায়ুরোধী পাত্রে ফ্রিজে সংরক্ষণ করুন। সকালের এই ছোট্ট অথচ স্বাস্থ্যকর অভ্যাস আপনাকে সারা দিন রাখবে চনমনে, ফুরফুরে ও সুস্থ।

সূত্র: হেলথ লাইন