হোম > স্বাস্থ্য

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, এক দিনে সর্বোচ্চ ২১৯৩ ভর্তি

আজকের পত্রিকা ডেস্ক­

হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত রোগী। ছবি: আজকের পত্রিকা

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। একই সময়ে নতুন করে ২ হাজার ১৯৩ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যা চলতি বছরে এক দিনে হাসপাতালে ভর্তির সর্বোচ্চ রেকর্ড।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ ২ হাজার ১৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৩ জনে।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে খুলনায় দুজন এবং চট্টগ্রাম ও রাজশাহীতে একজন করে রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গুতে দুজন, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ ও সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। অক্টোবরে এখন পর্যন্ত মারা গেছে ৫৪ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩০৩ জনে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ১৯৩ জনের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি হয়েছে ২৫০ জন করে। এ ছাড়া ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৫৩০ জন।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩০৪ জন রোগী ভর্তি হয়েছে খুলনা বিভাগে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৯৩, বরিশালে ২৩৬, রাজশাহীতে ১৬০, রংপুরে ৮৪, ময়মনসিংহে ৭০ ও সিলেট বিভাগে ১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৯ হাজার ২৭৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯২ হাজার ৮০৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৬ হাজার ১৬৯ জন চিকিৎসাধীন রয়েছে।