হামে মৃত্যু থামছেই না। গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় তিনজন ও সিলেটে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৮১ জনে।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯৮০ জন আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ১৮৩ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ৮৪ হাজার ৬৩২ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হলো।
একই সময়ে ল্যাব পরীক্ষায় ১০০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এ পর্যন্ত দেশে ২০ হাজার ৯৫১ জন হামে আক্রান্ত বলে শনাক্ত হলো।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা যায়, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪৪২ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপরই রয়েছে সিলেট বিভাগ, যেখানে ১৭২ জন মারা গেছে। এ ছাড়া অন্যান্য বিভাগের মধ্যে রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৮, চট্টগ্রামে ৭৮, বরিশালে ৬০, খুলনায় ৪২ ও রংপুর বিভাগে ১৫ জনের মৃত্যু হয়েছে।
গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ৬৩ হাজার ১৫৩ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ১ লাখ ৫৬ হাজার ৭৪৪ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।