দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছরে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৪৪ জনে।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হালনাগাদ তথ্য তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ২ লাখ ১ হাজার ৬২৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩৩২ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
একই সময়ে ল্যাবরেটরি পরীক্ষায় আরও ৯৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে মোট ২২ হাজার ১১৬ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৪০ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৪ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৪৪ জনে।
হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে এখন পর্যন্ত ৪৭১ জনের মৃত্যু হয়েছে। এরপর সিলেট বিভাগে ১৮২ জন, রাজশাহীতে ৯৩, চট্টগ্রামে ৯১, ময়মনসিংহে ৮০, বরিশালে ৬১, খুলনায় ৪৬ ও রংপুরে ১৬ জন মারা গেছে।