হোম > স্বাস্থ্য

বিশ্বজুড়ে তরুণদের মধ্যে দ্রুত বাড়ছে সাত ধরনের ক্যানসার

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: দ্য গার্ডিয়ান

বিশ্বের বিভিন্ন দেশে ৫০ বছরের কম বয়সীদের মধ্যে কয়েক ধরনের ক্যানসারের হার উদ্বেগজনকভাবে বাড়ছে। ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসের ক্যানসার-সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে নতুন এক আন্তর্জাতিক গবেষণায় সাত ধরনের ক্যানসারের ক্ষেত্রে তরুণদের মধ্যে উল্লেখযোগ্য বৃদ্ধির তথ্য পাওয়া গেছে। গবেষণাটি পরিচালনা করেছে ওয়ার্ল্ড ক্যানসার রিসার্চ ফান্ড (ডব্লিউসিআরএফ)।

গবেষণায় দেখা গেছে, ইংল্যান্ডে ২০০১ থেকে ২০২৩ সালের মধ্যে ৫০ বছরের কম বয়সীদের মধ্যে প্রোস্টেট ক্যানসারের হার প্রায় চার গুণ হয়েছে। একই সময়ে এই বয়সীদের মধ্যে অন্ত্রের (বাওয়েল), কিডনি ও জরায়ুর ক্যানসারের হার দ্বিগুণেরও বেশি বেড়েছে।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) গবেষণাটির বরাতে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, ইংল্যান্ডে ৫০ বছরের কম বয়সীদের মধ্যে প্রতি এক লাখে প্রোস্টেট ক্যানসারের হার ২০০১ সালে ছিল ১ জন; ২০২৩ সালে তা বেড়ে দাঁড়ায় ৩ দশমিক ৬ জনে। বাওয়েল ক্যানসারের হার ৩ দশমিক ৯ থেকে বেড়ে হয়েছে ৮ দশমিক ৪। জরায়ু ও কিডনি ক্যানসারের হারও বেড়ে যথাক্রমে ৩ দশমিক ৯ ও ৩ জনে দাঁড়িয়েছে। স্তন ক্যানসারের হার তুলনামূলক কম হারে বাড়লেও প্রতি এক লাখে ৪২ থেকে বেড়ে ৪৭ দশমিক ৫ হয়েছে। অগ্ন্যাশয় ও লিভার ক্যানসারের ক্ষেত্রেও বৃদ্ধি দেখা গেছে।

যুক্তরাষ্ট্রে ২০০০ সালের পর থেকে ৫০ বছরের কম বয়সীদের মধ্যে কিডনি ক্যানসারের হার দ্বিগুণেরও বেশি হয়েছে—প্রতি এক লাখে ২ দশমিক ৫ থেকে বেড়ে ২০২৩ সালে ৫ দশমিক ৩। একই সময়ে বাওয়েল, জরায়ু ও অগ্ন্যাশয় ক্যানসার ৫০ শতাংশের বেশি এবং স্তন ক্যানসার প্রায় ২০ শতাংশ বেড়েছে। নেদারল্যান্ডসে বাওয়েল, কিডনি, লিভার ও জরায়ুমুখের ক্যানসারের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

গবেষকদের মতে—স্থূলতা বৃদ্ধি, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের ঘাটতি, অ্যালকোহল গ্রহণ, ধূমপান এবং বায়ু-পানি দূষণসহ বিভিন্ন পরিবেশগত ঝুঁকি এ প্রবণতার পেছনে ভূমিকা রাখতে পারে। ক্যানসারের প্রায় ৪০ শতাংশ পরিবর্তনযোগ্য জীবনযাপন ও পরিবেশগত ঝুঁকির সঙ্গে সম্পর্কিত বলে জানিয়েছে ডব্লিউসিআরএফ। তবে ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত পরীক্ষা-নিরীক্ষার ফলে আগের তুলনায় বেশি রোগ শনাক্ত হওয়াও বৃদ্ধির একটি কারণ হতে পারে।

কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্টের অধ্যাপক মার্ক ললার এ প্রবণতাকে ‘টিকটিক করা টাইমবোমা’ হিসেবে উল্লেখ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

তবে গবেষকেরা সতর্ক করেছেন, ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ক্যানসার এখনো তুলনামূলকভাবে বিরল। ক্যানসার শনাক্ত হওয়ার মধ্যম বয়স ৬০ বছরের বেশি। কেন তরুণদের মধ্যে ক্যানসার বাড়ছে, তা পুরোপুরি বোঝা যায়নি। বিষয়টি আরও গভীরভাবে জানতে কিংস কলেজ লন্ডন ক্যানসার রিসার্চ ইউকের অর্থায়নে আড়াই লাখ মানুষকে নিয়ে নতুন একটি গবেষণা শুরু করেছে।

অন্যদিকে তিন দেশেই ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ফুসফুস ক্যানসারের হার কমেছে। গবেষকদের মতে, ধূমপানের হার কমে যাওয়ার সঙ্গে এর সম্পর্ক রয়েছে।