পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালু করতে সরকারের কাছে ১ হাজার ৪১০ কোটি ৭ লাখ ৮৮ হাজার টাকার বিশেষ বরাদ্দ চেয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল কর্তৃপক্ষ। অথচ ৭৫০ শয্যার হাসপাতালটি নির্মাণে ইতিমধ্যে ব্যয় হয়েছে প্রায় ১ হাজার ৮৬৮ কোটি টাকা।
আজ সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছে জরুরি ভিত্তিতে নতুন এ বরাদ্দ চেয়ে আবেদন করা হয়। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হাতে বরাদ্দের যৌক্তিকতা ও ব্যয়ের বিস্তারিত বিবরণসংবলিত আবেদনপত্র তুলে দেন হাসপাতালটির চেয়ারম্যান ও বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।
হাসপাতাল কর্তৃপক্ষের আশা, প্রস্তাবিত অর্থ পাওয়া গেলে দীর্ঘদিন ধরে সীমিত পরিসরে চলা প্রতিষ্ঠানটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করা সম্ভব হবে। এতে দেশে লিভার ও কিডনি প্রতিস্থাপন, জটিল হৃদ্রোগ, স্ট্রোকসহ বিভিন্ন রোগের উন্নত বিশেষায়িত চিকিৎসার সুযোগ তৈরি হবে।
আবেদনে জনবল নিয়োগ ও তাঁদের বেতন-ভাতা, বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ, আধুনিক চিকিৎসা ও শল্যচিকিৎসার সরঞ্জাম কেনা এবং হাসপাতালের অবকাঠামো উন্নয়নে অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
হাসপাতালটিতে যেসব বিশেষায়িত চিকিৎসাসেবা চালুর পরিকল্পনা রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো লিভার প্রতিস্থাপন ও হেপাটোবিলিয়ারি-প্যানক্রিয়াটিক সেন্টার, কিডনি প্রতিস্থাপন ও কিডনি রোগ চিকিৎসাকেন্দ্র, হৃদ্রোগ ও স্ট্রোক সেন্টার, ক্যানসার চিকিৎসা, রেডিওলজি ও ইমেজিং এবং বিশেষায়িত জরুরি চিকিৎসাসেবা। এ ছাড়া বন্ধ্যত্ব চিকিৎসা এবং নারী, মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবার জন্য পৃথক কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। নিবিড় পরিচর্যার জন্য করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ), ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ), নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ) ও শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্র (পিআইসিইউ) চালুর বিষয়টিও বরাদ্দ প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
শুধু চিকিৎসা সরঞ্জাম কেনা নয়, হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো স্থাপন ও সংস্কারেও বড় অঙ্কের অর্থ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে অপারেশন থিয়েটার ও পরীক্ষাগারের আধুনিকায়ন, মেডিকেল গ্যাস প্ল্যান্ট স্থাপন, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও চিলার স্থাপন, বিদ্যুৎ সাবস্টেশন এবং বর্জ্য ব্যবস্থাপনা অবকাঠামো উন্নয়ন। পাশাপাশি রোগীদের ওয়ার্ড, কেবিন, অপেক্ষাগার, পার্কিং ও ক্যাফেটেরিয়াসহ বিভিন্ন স্থাপনা সংস্কারের জন্যও অর্থ চাওয়া হয়েছে।
আবেদনের তথ্য অনুযায়ী, হাসপাতালটি প্রতিষ্ঠার পর থেকে গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিএমইউর নিজস্ব অর্থায়নে সীমিত পরিসরে পরিচালিত হয়েছে। পরে ১ অক্টোবর থেকে ‘বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড’ নামে এটি যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে নিবন্ধিত হয়।
বিএমইউর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বরাদ্দের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী প্রয়োজনীয় আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে হাসপাতালটির কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশনাও দিয়েছেন।
উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমানোর লক্ষ্য নিয়ে ২০২২ সালের সেপ্টেম্বরে রাজধানীর শাহবাগে ৭৫০ শয্যার সুপার স্পেশালাইজড হাসপাতালটি উদ্বোধন করা হয়। তবে চিকিৎসক ও প্রয়োজনীয় সহায়ক জনবলের ঘাটতি এবং কার্যকর ব্যবস্থাপনা কাঠামোর অভাবে হাসপাতালটি এত দিন পূর্ণাঙ্গভাবে চালু করা যায়নি।