দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। চারজনেরই মৃত্যু হয়েছে রাজধানী ঢাকায়। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে একজনের। এ নিয়ে চলতি বছরে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৪ জনে।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হালনাগাদ তথ্য তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ১২ জন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০২ জন।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ২২১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ৯৪ হাজার ৮৪ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
একই সময়ে ল্যাবরেটরি পরীক্ষায় ২১ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এ পর্যন্ত দেশে ২১ হাজার ৬২৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে—৪৫৫ জনের। এরপর রয়েছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৭৯ জন। এ ছাড়া চট্টগ্রামে ৮৬, রাজশাহীতে ৯৩, বরিশালে ৬০, ময়মনসিংহে ৮০, খুলনায় ৪৪ ও রংপুর বিভাগে ১৫ জনের মৃত্যু হয়েছে।