মরণঘাতী রক্তের ক্যানসার অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়ার (এএমএল) চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করেছে একটি টিকা। গ্যালিনপেপিমুট-এস (জিপিএস) নামের টিকাটি তৃতীয় ধাপের ক্লিনিক্যাল পরীক্ষায় সফল হয়েছে। এই টিকা গ্রহণকারী রোগীদের মৃত্যুঝুঁকি অন্যান্য চিকিৎসা গ্রহণকারীদের তুলনায় ৪১ শতাংশ কমেছে বলে জানিয়েছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সেলাস লাইফ সায়েন্সেস।
ওয়াশিংটন পোস্ট জানায়, গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) সেলাস লাইফ সায়েন্সেস ও মেমোরিয়াল স্লোয়ান কেটারিং ক্যানসার সেন্টার পরীক্ষার প্রাথমিক ফল প্রকাশ করে। ১২৬ জন রোগীর ওপর চালানো এ পরীক্ষায় দেখা গেছে, টিকা গ্রহণকারীদের গড় আয়ু ছিল ২৪ মাস। অন্য চিকিৎসা গ্রহণকারীদের ক্ষেত্রে এ সময় ছিল ১৪ দশমিক ৭ মাস।
অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া একধরনের দ্রুত বিস্তারশীল রক্তের ক্যানসার। যুক্তরাষ্ট্রে প্রতিবছর প্রায় ২০ হাজার মানুষ এ রোগে আক্রান্ত হন। সাধারণত কেমোথেরাপির মাধ্যমে এর চিকিৎসা করা হয়। তবে চিকিৎসার পরও শরীরে ক্যানসার কোষের অবশিষ্টাংশ থেকে যেতে পারে। ফলে রোগটির আবার ফিরে আসার আশঙ্কা থাকে।
নতুন টিকাটি মূলত সেই রোগীদের জন্য পরীক্ষা করা হয়েছে, যাঁরা অন্তত দুবার সম্পূর্ণ সুস্থতার পর্যায়ে পৌঁছানোর পর আবার আক্রান্ত হয়েছেন। যাঁদের অস্থিমজ্জা প্রতিস্থাপনের উপযোগিতা নেই, তাঁরাও এ পরীক্ষার অন্তর্ভুক্ত ছিলেন।
টিকাটির বিশেষত্ব হলো, প্রত্যেক রোগীর জন্য আলাদাভাবে তৈরি করতে হয় না। একই টিকা একই ফর্মুলায় একাধিক রোগীর চিকিৎসায় ব্যবহার করা সম্ভব। টিকাটি রোগীর রোগ প্রতিরোধব্যবস্থাকে সক্রিয় করে ক্যানসার কোষ শনাক্ত ও ধ্বংস করতে সহায়তা করে। কেমোথেরাপির পর শরীরে থেকে যাওয়া ক্যানসার কোষের বিরুদ্ধে লড়াই করাই এর মূল লক্ষ্য। পরীক্ষায় টিকাটি সাধারণভাবে সহনীয় ছিল।
সেলাস জানিয়েছে, ২০২৭ সালের প্রথমার্ধে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) অনুমোদনের জন্য আবেদন প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে।