শীত মানে মিষ্টি রোদ আর উত্তুরে হাওয়ার আমেজ। কিন্তু ঋতু পরিবর্তনের সঙ্গে শিশুদের সর্দি-কাশি ও নিউমোনিয়ার মতো স্বাস্থ্যঝুঁকি বাড়ে। তাই এই সময়ে শিশুদের সুরক্ষায় বিশেষ যত্ন নেওয়া জরুরি।
শীতের দিনে নবজাতককে মায়ের শরীরের কাছাকাছি (ক্যাঙারু কেয়ার) রাখতে হবে, যাতে তাপমাত্রা না কমে। জন্মের ৭২ ঘণ্টা পর থেকে গোসল করানো গেলেও তীব্র শীতে এক দিন পরপর কুসুম গরম পানিতে গোসল করানো ভালো। তবে প্রি-টার্ম বা কম ওজনের নবজাতকের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক। গোসলের পর নরম তোয়ালে দিয়ে মুছে অলিভ অয়েল বা লোশন লাগাতে হবে। শুষ্ক ত্বকে দিনে দু-তিনবার ময়শ্চারাইজার ব্যবহার করা যেতে পারে।
শীতের ধুলাবালুতে চুল পরিষ্কার রাখতে সপ্তাহে দু-তিন দিন হালকা শ্যাম্পু ব্যবহার করুন। শ্যাম্পুর এক ঘণ্টা আগে চুলে নারকেল তেল ম্যাসাজ করলে ঝরঝরে থাকে। শিশুর ত্বকে অলিভ বা নারকেল তেল মানালেও ভুলে সরিষার তেল ব্যবহার করা যাবে না, যা অ্যালার্জি বা খুশকি বাড়ায়। এ ছাড়া শিশুকে ভারী কাপড় না পরিয়ে গরম কাপড়ের নিচে সুতির আরামদায়ক পোশাক দিন, যেন সে ঘেমে না যায়।
শীতে ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া ও অ্যাজমার প্রকোপ বাড়ে। সঠিক সতর্কতা ও সময়মতো পদক্ষেপে আপনার শিশুকে শীতের রোগবালাই থেকে নিরাপদ রাখা সম্ভব।
ব্রঙ্কিওলাইটিস: ভাইরাসে আক্রান্ত শিশুর নাক পরিষ্কার রাখা ও ঘন ঘন বুকের দুধ বা তরল খাওয়ানো এর প্রধান চিকিৎসা। এতে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না।
নিউমোনিয়া: এটি শিশুমৃত্যুর অন্যতম কারণ। শিশুর তীব্র জ্বর, কাশি ও শ্বাসকষ্ট দেখলে, দেরি না করে হাসপাতালে নিতে হবে।
নাক বন্ধ হলে: নবজাতকের নাক বন্ধ বা ঘড়ঘড় শব্দ হলে ঘন ঘন স্যালাইন ড্রপ দিয়ে নাক পরিষ্কার রাখতে হবে।
অ্যাজমা: আগে থেকে অ্যাজমা বা অ্যালার্জির সমস্যা থাকলে শীতের শুরুতে চিকিৎসকের পরামর্শে প্রস্তুতি নিতে হবে।