স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেনকে পুনরায় নিয়োগ দিয়েছে সরকার। আগামী ২৪ আগস্ট থেকে এক বছর মেয়াদে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে তাঁকে। ওই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন গত ১৭ আগস্ট জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী অধ্যাপক ডা. নাজমুল হোসেনকে তাঁর অভোগকৃত অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে পূর্বের চুক্তির ধারাবাহিকতায় তাকে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
২০২৪ সালের ২৮ আগস্ট স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পান চট্টগ্রাম মেডিকেল কলেজের কার্ডিয়াক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. নাজমুল হোসেন।