গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৬৫ জনে দাঁড়াল। এ ছাড়া গত এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৬৯৩ জন।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৮০, চট্টগ্রাম বিভাগে ৯৫, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯২, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০০, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০৯, খুলনা বিভাগে ১০৩, ময়মনসিংহ বিভাগে ৪৩, রাজশাহী বিভাগে ৫১, রংপুর বিভাগে ১৫ ও সিলেট বিভাগে পাঁচজন হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ২২ হাজার ২৪৩ জন। এর মধ্যে চলতি মাসে ৬ হাজার ৯৩৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ বছর এখন পর্যন্ত সর্বোচ্চ জুলাইয়ে ৯ হাজার ২০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ জুনে ২ হাজার ৯০৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৫ জনের। এর মধ্যে চলতি মাসে ১১ জন মারা গেছে। আর জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩ ও জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে।