হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৫৭ জনে।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হালনাগাদ তথ্য তুলে ধরা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৫৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু হামের উপসর্গ নিয়েই মারা গেছে ৯৫৬ জন আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ১৪৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ৭৯ হাজার ৮১৪ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হলো।
একই সময়ে ল্যাব পরীক্ষায় ৮৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এ পর্যন্ত দেশে ২০ হাজার ৫৬২ জন হামে আক্রান্ত বলে শনাক্ত হলো।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা যায়, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪৩০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপরই রয়েছে সিলেট বিভাগ, যেখানে ১৬৭ জন মারা গেছে। এ ছাড়া অন্যান্য বিভাগের মধ্যে রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৮, চট্টগ্রামে ৭৫, বরিশালে ৫৯, খুলনায় ৪০ ও রংপুর বিভাগে ১৪ জনের মৃত্যু হয়েছে।