হোম > স্বাস্থ্য

খাবারের মাঝে পানি পান, ওজন কমায় নাকি বাড়তি খাওয়া হয়

ফিচার ডেস্ক

ছবি: সংগৃহীত

ওজন কমাতে কিংবা কম খেতে খাবারের আগে ও মাঝে একটু বেশি পানি পানের পরামর্শ বেশ পুরোনো। সাধারণত অনেকে মনে করেন, পানি পাকস্থলীকে প্রসারিত করে দ্রুত পেট ভরানোর অনুভূতি দেয়। কিন্তু পুষ্টিবিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘অ্যাপেটাইট’-এ প্রকাশিত সাম্প্রতিক এক গবেষণা এই ধারণা ভুল প্রমাণ করেছে। কর্নেল ইউনিভার্সিটি এবং পেন স্টেট ইউনিভার্সিটির গবেষকদের যৌথ এই গবেষণায় দেখা গেছে, খাবারের ফাঁকে ফাঁকে পানি পান করা বা চুমুক দেওয়া প্রকৃতপক্ষে খাবার খাওয়ার পরিমাণ কমিয়ে দেওয়ার বদলে আরও বাড়িয়ে দেয়।

বিজ্ঞানীদের এই দল ৮৬ জন প্রাপ্তবয়স্ক মানুষের মোট ১৭২টি খাবারের অভ্যাসের ওপর একটি সেকেন্ডারি বিশ্লেষণ বা পর্যবেক্ষণ পরিচালনা করে। অংশগ্রহণকারীদের নিজেদের পছন্দ অনুযায়ী চিকেন টিক্কা মাসালা কিংবা বিফ চিলি পরিবেশন করা হয়। খাওয়ার সময় তাঁদের ভিডিও ধারণ করা হয়, যাতে খাবার ও পানি পানের প্রতিটি আচরণ সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করা যায়। গবেষণায় উঠে আসা ফল পুষ্টিবিদদের প্রচলিত অনেক তত্ত্বকে চ্যালেঞ্জ করে। এই গবেষণায় দেখা গেছে, পানি পানের পরিমাণ যত বেড়েছে, খাবার গ্রহণের হারও ততই বেড়েছে।

গড়ে প্রতি ১০০ মিলিগ্রাম অতিরিক্ত পানি পানের জন্য অংশগ্রহণকারীরা ৩৯ গ্রাম বেশি খাবার খেয়েছেন; যা প্রায় ৪৯ ক্যালরি অতিরিক্ত শক্তির সমতুল্য। একবার মুখে খাবার নিয়ে এরপর এক চুমুক পানি পান করার অভ্যাসে দেখা গেছে সর্বোচ্চ প্রভাব। খাবার ও পানির মধ্যে প্রতিবার অদলবদলের কারণে গড়ে ৪ দশমিক ৪ গ্রাম অতিরিক্ত খাবার খাওয়া হয়েছে। যাঁরা দ্রুতগতিতে পানি পান করেছেন, তাঁরা তুলনামূলকভাবে কম খেয়েছেন। প্রতি মিনিটে ১০ মিলিগ্রাম বেশি গতিতে পানি পানে খাবার গ্রহণের পরিমাণ প্রায় ১৬ দশমিক ২ গ্রাম কমেছে।

গবেষণাপত্রের প্রধান লেখক ও কর্নেল ইউনিভার্সিটির পুষ্টিবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. পেজ কানিংহামের মতে, পানি পানের পর পাকস্থলী সাময়িকভাবে ভরে উঠলেও তা খুব দ্রুত খালি হয়ে যায়। ফলে পানির মাধ্যমে পেট ভরিয়ে রাখার কৌশল বেশিক্ষণ স্থায়ী হয় না। উল্টো পানি মুখের শুষ্কতা দূর করে খাবার গলাধঃকরণ সহজ করে তোলে, যা খাওয়ার গতি বাড়িয়ে দিতে পারে। এ ছাড়া গবেষকেরা সেন্সরি-স্পেসিফিক স্যাটাইটি নামে আরেকটি বায়োলজিক্যাল কারণের কথা উল্লেখ করেছেন।

যেকোনো নির্দিষ্ট খাবার একটানা খেলে তা থেকে পাওয়া স্বাদ কিংবা উপভোগ করার ক্ষমতা একসময় কমে যায় এবং খাবার থামানোর তাগিদ তৈরি হয়। কিন্তু খাবারের মধ্যে এক চুমুক পানি মুখ পরিষ্কার করে স্বাদের পার্থক্য অথবা বৈচিত্র্য ফিরিয়ে আনে। ফলে পরবর্তী লোকমাটি আবারও নতুন স্বাদের মনে হয় এবং পেট ভরা সত্ত্বেও মানুষ আরও বেশি খাওয়ার জন্য উৎসাহিত হয়।

তবে গবেষকেরা স্পষ্ট করেছেন, ল্যাবরেটরির এই সীমিত গবেষণার পর্যবেক্ষণ থেকে এখনই চূড়ান্ত বা কার্যকারণ সিদ্ধান্ত টানা ঠিক হবে না। তা ছাড়া খাবারের আগে পানি পানের প্রভাব এবং সব ধরনের খাবারের ক্ষেত্রে একই রকম ফল হবে কি না, তা জানতে আরও বিস্তৃত গবেষণার প্রয়োজন। কিন্তু আপাতত বলা যায়, ওজন কমানোর তাগিদে পাতের পাশে পানির গ্লাস নিয়ে বারবার চুমুক দেওয়ার অভ্যাস পুনর্বিবেচনার সময় এসেছে।

সূত্র: ওয়েব মেড, ডেইলি মেইল

ব্যায়ামের আগে কী খাবেন, কখন খাবেন

বংশগত চোখের রোগ রেটিনাইটিস পিগমেন্টোসা

শৈশবে চিনি কম খেলে ডিমেনশিয়ার ঝুঁকি কমে

থ্যালাসেমিয়া ও বিরল রোগে আক্রান্তদের ডেটাবেইস তৈরির আহ্বান জুবাইদা রহমানের

জনবল সংকট ও কাজের চাপে স্বাস্থ্যকর্মীদের মধ্যে দ্বন্দ্ব: নিপসমের গবেষণা

হামের উপসর্গে মৃত্যু আরও ৪, মোট ৮৩৫

ডেঙ্গুতে মৃত্যু অর্ধশত ছাড়াল

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও অক্সিজেন মেশিন উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু হচ্ছে আগামীকাল থেকে