হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যু নেই। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯১৫। এর মধ্যে হামের উপসর্গে ৮১৬ এবং নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই হিসাব গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ের।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৮১ জন। আর হাম শনাক্ত হয়েছে ৫০ জনের। সব মিলিয়ে গত এক দিনে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২৫ হাজার ৩৮৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ২০ হাজার ৯১৩ জন।