দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসেই ডেঙ্গুতে প্রাণ হারাল ১২৮ জন। অন্যদিকে, একদিনের হিসাবে চলতি মাসে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে দুজন সিলেট বিভাগে চিকিৎসাধীন ছিল। অন্য চারজনের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে, ঢাকা বিভাগে একজন, বরিশালে একজন এবং চট্টগ্রাম বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে মোট ২২৫ জনের মৃত্যু হলো। মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারিতে ২, ফেব্রুয়ারিতে ২, মে মাসে ১, জুনে ১৩, জুলাইয়ে ৩৬ ও আগস্টে ৪৩ জন মারা যায়।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ২ হাজার ১৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকার উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৩১১ জন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৯৭ জন নতুন রোগী ভর্তি হয়েছে। ঢাকা সিটি করপোরেশনের বাইরের এলাকাগুলোতে ভর্তি হয়েছে ৩৫৬ জন।
ঢাকার বাইরে অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ৩৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া খুলনা বিভাগে ৩২৯, বরিশাল বিভাগে ২২৭, ময়মনসিংহ বিভাগে ১৩২, রাজশাহী বিভাগে ১৭৬ ও রংপুর বিভাগে নতুন ৭৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছে ৭৩ হাজার ৬৯৪ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৬৮ হাজার ৬ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, মোট আক্রান্তদের মধ্যে ৬০ শতাংশ পুরুষ এবং ৪০ শতাংশ নারী। অন্যদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের পরিসংখ্যান বিপরীত—মৃতদের মধ্যে নারী ৫৩ দশমিক ৬ শতাংশ এবং পুরুষ ৪৬ দশমিক ৪ শতাংশ।