হোম > স্বাস্থ্য

হৃদ্‌রোগীর দ্রুত চিকিৎসায় কার্ডিয়াক অ্যাম্বুলেন্স নেটওয়ার্কের প্রস্তাব স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বক্তব্য রাখছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। ছবি: আজকের পত্রিকা

হৃদ্‌রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছে জরুরি চিকিৎসা নিশ্চিত করতে ঢাকাসহ আশপাশের জেলাগুলো নিয়ে কার্ডিয়াক অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

আজ বৃহস্পতিবার রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব হার্ট দিবস ২০২৬ ও পপুলার ক্যাথ ল্যাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ প্রস্তাব দেন।

প্রতিমন্ত্রী বলেন, হৃদ্‌রোগের চিকিৎসায় ‘গোল্ডেন আওয়ার’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে রোগীকে হাসপাতালে এনে প্রয়োজনীয় চিকিৎসা দিতে পারলে অনেক জীবন রক্ষা করা সম্ভব। এ জন্য ঢাকাসহ পার্শ্ববর্তী পাঁচ জেলাকে নিয়ে পরীক্ষামূলকভাবে একটি কার্ডিয়াক অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক গড়ে তোলা যেতে পারে।

মুহিত বলেন, পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই উদ্যোগ শুরু করা হলে এক বছর এর কার্যক্রম পর্যবেক্ষণ করে তথ্য সংগ্রহ করা যেতে পারে। উদ্যোগটি সফল হলে সরকারের মাধ্যমে সারা দেশে জাতীয় পর্যায়ে কার্ডিয়াক অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা নেওয়া যেতে পারে।

হৃদ্‌রোগের চিকিৎসা সারা দেশে দ্রুত পৌঁছে দিতে সরকার ‘ন্যাশনাল অ্যাকিউট করোনারি সিনড্রোম (ACS) নেটওয়ার্ক’ গড়ে তোলার পরিকল্পনা করছে বলেও জানান প্রতিমন্ত্রী। এ নেটওয়ার্কের আওতায় বিদ্যমান হৃদ্‌রোগ চিকিৎসাকেন্দ্রগুলোকে যুক্ত করে রোগীদের নিজ জেলা বা পার্শ্ববর্তী জেলায় দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হবে।

ডা. এম এ মুহিত বলেন, হৃদ্‌রোগের চিকিৎসায় শুধু অবকাঠামো ও যন্ত্রপাতি বাড়ালেই হবে না, দক্ষ জনবলও তৈরি করতে হবে। চিকিৎসকের পাশাপাশি প্রশিক্ষিত নার্স, টেকনিশিয়ান ও টেকনোলজিস্ট প্রয়োজন। সরকার চিকিৎসকদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে।

হৃদ্‌রোগ প্রতিরোধে জীবনযাপনে পরিবর্তনের ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তিনি প্রতিদিন ১০ হাজার পদক্ষেপ হাঁটা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও শারীরিক কর্মকাণ্ড বাড়ানোর পরামর্শ দেন।

অনুষ্ঠানে জানানো হয়, পপুলার ক্যাথ ল্যাব চালুর পর এক বছরে ৩২০টি সফল প্রাইমারি পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন (PCI) করা হয়েছে।

হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান ও চিফ কনসালট্যান্ট অধ্যাপক ডা. এ কে এম মহিউদ্দিন ভূঁইয়া (মাসুম) এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পপুলার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. ইফতেখার ইবনে মান্নান।