চশমা ভেঙে গেলে সঙ্গে সঙ্গে চশমার দোকানে যাওয়ার সুযোগ না-ও থাকতে পারে। সে ক্ষেত্রে কাজ চালিয়ে নেওয়ার মতো কিছু সাময়িক উপায় অবলম্বন করতে পারেন। তবে ফ্রেম ও লেন্স ভালো রাখতে কিছু কাজ করা থেকে বিরত থাকা উচিত।
ঘুরতে যাওয়ার সময় চশমা মেরামতের কিট সঙ্গে রাখুন। স্ক্রু বা নোজ প্যাড হারিয়ে গেলে, তা তাৎক্ষণিকভাবে ঠিক করে নেওয়া যায়।
কোনো স্ক্রু হারিয়ে গেলে এবং আপনার কাছে বাড়তি স্ক্রু না থাকলে টুথপিক বা কাঠের শলাকা ছিদ্রের মধ্যে ঢুকিয়ে ভেঙে রেখে দিতে পারেন। এটি স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ডাঁটটিকে ফ্রেমের সঙ্গে আটকে রাখতে সাহায্য করে। এ ছাড়া ডেন্টাল ফ্লস ছিদ্রের ভেতর দিয়ে ঢুকিয়ে শক্ত করে গিট দিয়েও কাজ চালানো যায়।
ফ্রেম ভেঙে গেলে ইলেকট্রিক্যাল টেপ বা ব্ল্যাক টেপ ব্যবহার করুন। কোনো অবস্থাতেই সুপার গ্লু বা আঠা ব্যবহার করবেন না। আঠা লেন্সে লেগে গেলে তা তোলা অসম্ভব হয়ে পড়ে, আর ফ্রেমে ওয়ারেন্টি থাকলে তা বাতিল হয়ে যেতে পারে।
লেন্স খুলে পড়ে গেলে ফ্রেমের পেছনের দিক থেকে তা আস্তে করে ভেতরে বসিয়ে দিন। তবে মনে রাখবেন, ফ্রেম ঢিলে থাকার কারণে লেন্সটি আবারও পড়ে যেতে পারে।