হোম > স্বাস্থ্য

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৭৪৭

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা নেই। তবে সারা দেশের হাসপাতালগুলোতে নতুন করে ৭৪৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

সরকারি হিসাবে, চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ১৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বর মাসের অর্ধেকেই প্রাণ গেছে প্রায় ৮০ জনের; যা মাসের হিসাবে চলতি বছরে সর্বোচ্চ।

ডেঙ্গুবিষয়ক হালনাগাদ তথ্যে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে যথাক্রমে ৬১ ও ৪০ জন ভর্তি হয়েছে। রাজধানীর বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছে ২১৬ জন। অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রামে ১৮০, ময়মনসিংহে ৯২, খুলনায় ৮১, বরিশালে ২৫ এবং রংপুরে ৫২ জন ভর্তি হয়েছে। এ সময় চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে ৭৪৬ জন।

চলতি বছর ৫৯ হাজার ১৪৭ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৫৪ হাজার ৮৩৮ জন হাসপাতাল ছেড়ে গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। ২০২৩ সালে এই রোগ নিয়ে সবচেয়ে বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়। সংখ্যাটি ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয় ওই বছর। আর গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল চার শতাধিক ব্যক্তির।

আগে ডেঙ্গু মূলত জনবহুল ঢাকা মহানগরে সীমিত থাকলেও গত কয়েক বছরে সব বিভাগীয় ও মফস্বল শহর এমনকি গ্রামেও কমবেশি ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞদের মতে, এডিস মশার স্বভাবের পরিবর্তনসহ বিভিন্ন কারণে তা ঘটেছে।