হোম > স্বাস্থ্য

আয় ঘুম আয় চোখের পাতায়

উম্মে শায়লা রুমকী

একেকজন একেকভাবে ঘুমান। কেউ চিত হয়ে, কেউ একপাশ হয়ে আবার কেউ উপুড় হয়ে ঘুমিয়ে অভ্যস্ত। খেয়াল করলে দেখবেন, অনেক সময় সকালে ঘুম থেকে উঠে ঘাড়ে কিংবা কোমরে ব্যথা অনুভব করছেন। হাত বা পা অবশ, ঝিমঝিম অথবা শরীরের জয়েন্ট শক্ত বোধ হচ্ছে কোনো কোনো দিন। অনেক ক্ষেত্রে এসবের জন্য দায়ী আমাদের ঘুমানোর ভঙ্গি।

যাঁদের ঘাড়, কোমর বা কাঁধে ব্যথা আছে, তাঁদের ক্ষেত্রে ঘুমের ভালো ভঙ্গি হলো যেকোনো একদিকে কাত হয়ে ঘুমানো। মনে রাখা জরুরি, বালিশ যেন ঘাড়ে থাকে। অনেকের ঘুমানোর সময় বালিশে কেবল মাথাই থাকে, ঘাড়ের অংশটুকু ফাঁকা থাকে। ফলে ঘাড়ের মাংসপেশি, লিগামেন্ট টান টান থাকে এবং দীর্ঘ সময় স্ট্রেচে থাকার কারণে ঘাড়ে ব্যথা হয়। তাই অবশ্যই বালিশ ঘাড়ের নিচে দিতে হবে। কিন্তু কেউ যদি চিত হয়ে ঘুমাতে চান, তাহলে অবশ্যই পায়ের নিচে বালিশ দিতে হবে।

যাঁদের নাক ডাকার রোগ রয়েছে, তাঁদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে ঘুমের ভঙ্গি ঠিক করতে হবে। যেমন কারও যদি অল্প মাত্রার সমস্যা থাকে, তাহলে চিত হয়ে শুতে হবে। আবার যদি বেশি মাত্রার নাক ডাকার সমস্যা হয়, তাহলে কাত হয়ে শুতে হবে। তবে কোনোভাবেই উপুড় হয়ে বা পেটে ভর দিয়ে ঘুমানো যাবে না। এতে করে শ্বাস-প্রশ্বাসের পথ বন্ধ হয়ে যেতে পারে এবং সমস্যাটি আরও গুরুতর হওয়ার আশঙ্কা তৈরি হবে।

আবার যাঁদের গ্যাসের সমস্যা রয়েছে, বিশেষ করে বয়স্ক যাঁদের খাওয়ার পর বুক জ্বালাপোড়া করে বা হার্ট বার্ন হয়, তাঁদের ক্ষেত্রে বাম দিকে কাত হয়ে ঘুমানো ভালো। ডান দিকে কাত হয়ে ঘুমালে অ্যাসিড আরও বেশি নিঃসরণ হয়। চিত বা উপুড় হয়ে ঘুমালেও গ্যাসের সমস্যা বাড়ে।

গর্ভকালীন সবচেয়ে ভালো হয় বাঁ দিকে কাত হয়ে ঘুমানো। এর ফলে রক্ত চলাচল সহজ হয়, যা গর্ভের শিশু ও মায়ের জন্য জরুরি। এ ক্ষেত্রে দুই হাঁটুর নিচে বালিশ দিতে হবে। একইভাবে পেটের নিচে একটি বালিশ দিয়ে মেরুদণ্ড ঠিক রাখতে হবে। ভালো ঘুমের জন্য বিছানা খুব গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করেন, কোমরের ব্যথায় শক্ত বিছানায় ঘুমানো উচিত। আসলে এটি মোটেই ঠিক নয়। বিছানা অবশ্যই আরামদায়ক হতে হবে। খুব বেশি নরম বা শক্ত হওয়া যাবে না। সাধারণভাবে জাজিমের ওপর পাতলা তোশক যথেষ্ট। বিছানার চাদর, বালিশ, তোশক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। মাঝে মাঝে সেগুলো তপ্ত রোদে দিয়ে জীবাণুমুক্ত করা উচিত।

লেখক: ফিজিওথেরাপি পরামর্শক, পিটিআরসি ফিজিওথেরাপি সেন্টার

বাংলাদেশে হামে কেন মৃত্যু থামছেই না, কোথায় ঘাটতি, কী বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রদাহ কমাতে সহায়ক যেসব খাবার

সুস্থ অন্ত্র ও দীর্ঘায়ুর নতুন লাইফস্টাইল ট্রেন্ড

দীর্ঘস্থায়ী কিডনি রোগে দরকার সচেতনতা

চশমার বিকল্প আইসিএল সার্জারি, যা জানা জরুরি

ইনসুলিন রেজিস্ট্যান্সের প্রতিরোধ ও চিকিৎসা

অতি প্রক্রিয়াজাত খাবারের সঙ্গে কোলোরেক্টাল ক্যানসারের সম্পর্ক নেই—বড় গবেষণায় দাবি

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১

হামের উপসর্গে আরও ৫ মৃত্যু

ডেঙ্গুর বড় শিকার তরুণেরা