নভেম্বরের প্রথম ২৩ দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরও দুজন। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৬৭ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২০-তে।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে ঢাকা বিভাগে একজন ও চট্টগ্রাম বিভাগে চিকিৎসাধীন একজন মারা গেছে।
নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ঢাকা বিভাগে ৬৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ বিভাগে চলতি বছরে এখন পর্যন্ত ২৬২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ১৬৭ জন, বরিশালে ১৫০, খুলনায় ১৪১, রংপুরে ৩৪ ও ময়মনসিংহ বিভাগে ৭৬ জন নতুন রোগী ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ডেঙ্গুতে নভেম্বরের প্রথম ২৩ দিনে ডেঙ্গুতে ১০১ জনের মৃত্যু হলো। এর আগে, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে মারা যায়। মার্চ ও এপ্রিলে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। মে মাসে একজন, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩, সেপ্টেম্বরে ১৪৮ ও অক্টোবর মাসে ১৭৪ জন মারা যায়।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৮৪০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৪ হাজার ৯২৯ জন।