দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৬৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫০ জনে।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি ঢাকা বিভাগের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
চলতি বছর মাসভিত্তিক হিসাবে জানুয়ারিতে দুজন, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ ও সেপ্টেম্বরে ১৪৮ জন ডেঙ্গুতে মারা গেছে। অক্টোবরে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে পাঁচজনের।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ১৬৩ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালে ৮০ জন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালে ৪৫ জন ভর্তি হয়েছে। ঢাকার সিটি করপোরেশন এলাকার বাইরে ভর্তি হয়েছে ২৯৫ জন।
ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে চট্টগ্রাম বিভাগে—৩৩৩ জন। এ ছাড়া বরিশাল বিভাগে ১৫১ জন, খুলনায় ১১১, ময়মনসিংহে ৭৭ ও রংপুরে ৭১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮২ হাজার ৭৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৭৬ হাজার ৮৬২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫ হাজার ৬৪৯ জন।