স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, যাদের টিকা দেওয়া হয়েছে, তাদের রোগ প্রতিরোধের ক্ষমতা তৈরী হতে চার সপ্তাহ সময় লাগবে। তারপর হামের পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। আজ সোমবার দুপুরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ``হামের মতো জটিল রোগ মোকাবেলায় বাংলাদেশ সরকার যেভাবে দ্রুত গতিতে বিপুল পরিমাণ টিকা সংগ্রহ করতে সক্ষম হয়েছে, তা কৃতিত্বের দাবি রাখে। আগামী দুই বছরের জন্য সব ধরনের টিকা এখন আমাদের হাতে আছে।'
মন্ত্রী আরও বলেন, শিশুদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার আগামী তিন থেকে চার মাসের মধ্যে বরিশাল বিভাগের একমাত্র বিশেষায়িত শিশু হাসপাতালটি পুরোদমে চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে। সরকার দ্রুত সময়ের মধ্যে জনবল নিয়োগেরও সিদ্ধান্ত নিয়েছে।
আজ সকালে মন্ত্রী আকস্মিক বরিশালের বিভিন্ন হাসপাতাল পরিদর্শনে যান। সকাল ১০টায় বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনকালে প্রথমেই টিকিট কাউন্টারে যান। সেখানে এক কর্মীকে অনুপস্থিত পেয়ে তাঁকে সাময়িক বরখাস্ত করেন। পরে তিনি চিকিৎসকদের হাজিরাখাতা দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, সিভিল সার্জন ডাঃ এস.এম. মনজুর-এ-এলাহী, অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার বেলাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান উপস্থিত ছিলেন। এর পরপরই স্বাস্থ্য মন্ত্রী শেবাচিম হাসপাতাল, নির্মিতব্য ক্যান্সার হাসপাতাল ও শিশু হাসপাতাল পরিদর্শন করেন।