রাজধানীর ধানমন্ডিকে ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ কারণে এলাকাটিতে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। ভবনের নিচে, বেজমেন্টে, রাস্তার পাশে কিংবা ড্রেনে কোথাও যেন এডিস মশার লার্ভা পাওয়া না যায়, সে জন্য সবার সহযোগিতা চেয়েছেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম।
আজ রোববার রাজধানীর ধানমন্ডির সিটি কলেজ মোড়ে ফুটপাত দখলমুক্ত করার অভিযান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, ‘আমরা যে ডেঙ্গুর জরিপ করেছি, এই জরিপের মধ্যে ডেঞ্জার (ঝুঁকিপূর্ণ) যে কয়েকটা এলাকা পেয়েছি তার মধ্যে ধানমন্ডিও একটা। সেই কারণে যে সমস্ত এলাকা ঝুঁকিপূর্ণ সে সমস্ত এলাকায় আমরা আবার ট্র্যাশ (পরিচ্ছন্নতা কর্মসূচি) অভিযান পরিচালনা করছি। তার অংশ হিসেবে আজকে আমরা ধানমন্ডিতে এসেছি। আমাদের অভিযান প্রতিনিয়ত চলবে।’
ডিএসসিসি প্রশাসক আরও বলেন, ‘আমরা চাই রাস্তা সুন্দর হবে, ফুটপাত দিয়ে মানুষ হাঁটবে, ব্যবসায়ীরা যেখানে ব্যবসা করার, সেখানেই ব্যবসা করবেন। আর কোথাও কোনো বিল্ডিংয়ের নিচে বেজমেন্টে, রাস্তার সাইডে ড্রেনে কোথাও যেন ডেঙ্গুর লার্ভা যাতে না পাওয়া যায়। সেটার জন্য সবার সহযোগিতা চাই।’
এদিকে রোববার বেলা সাড়ে ১১টার দিকে সিটি কলেজ মোড়ে ফুটপাত দখল করে গড়ে তোলা দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করে ডিএসসিসি। এ সময় ফুটপাত ও সড়কের পাশে থাকা দোকানের মালামাল ও বিভিন্ন সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়। কিছু মালামাল জব্দ করে ডাম্পিং করা হয়।
অভিযান চলাকালে সড়কের দুই পাশের ফুটপাতে গড়ে ওঠা দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করতে দেখা যায় সিটি করপোরেশনের কর্মীদের। নির্ধারিত সময়ের মধ্যে যেসব মালামাল ও সরঞ্জাম সরানো হয়নি, সেগুলো জব্দ করে ডাম্পিং করা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। অভিযান শুরুর আগে কয়েক দিন ধরে মাইকিং করে ফুটপাতের দখল ছেড়ে দিতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছিল বলে জানান সংশ্লিষ্টরা।
ডিএসসিসির প্রশাসক বলেন, ধানমন্ডি আবাসিক এলাকাকে পরিচ্ছন্ন ও দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। এলাকাটি আবাসিক হলেও এখানে অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের মালিকদের নিজস্ব নির্ধারিত জায়গার মধ্যেই ব্যবসা পরিচালনা করতে হবে। কোনোভাবেই ফুটপাত দখল করা যাবে না এবং প্রতিষ্ঠানের সামনে কোনো হকার বসতে দেওয়া যাবে না।
নিউমার্কেট এলাকার ফুটপাত প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আবদুস সালাম বলেন, নিউমার্কেটের মূল সড়ক এবং ২ নম্বর গেট থেকে ৪ নম্বর গেট পর্যন্ত ফুটপাতে কোনো হকার বসতে পারবেন না। তবে হকারদের পুনর্বাসন বা বিকল্প জায়গার ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে।