হোম > স্বাস্থ্য

ঋতু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি প্রতিরোধের উপায় জেনে নিন

ডা. কাকলী হালদার

ঋতু পরিবর্তনের সময় আবহাওয়া ও তাপমাত্রার খামখেয়ালিপনায় প্রকৃতিতে যেমন রূপ বদলায়, তেমনি মানুষের শরীরেও এর গভীর প্রভাব পড়ে। বিশেষ করে শীত থেকে গ্রীষ্ম বা বর্ষা থেকে শরতে বাতাসে আর্দ্রতা ও তাপমাত্রার তারতম্য ঘটে। ফলে রোগজীবাণু বা ভাইরাসের বংশবৃদ্ধির অনুকূল পরিবেশ তৈরি হয় এবং মানবদেহের রোগ প্রতিরোধক্ষমতা সাময়িকভাবে দুর্বল হয়ে পড়ে। ফলে চারদিকে বিভিন্ন সংক্রামক ও মৌসুমি রোগের প্রাদুর্ভাব দেখা দেয়।

ঋতু পরিবর্তনের সময় সচরাচর যেসব রোগ হয়

আমাদের দেশে প্রধানত কিছু নির্দিষ্ট রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায়। সেগুলোর মধ্যে রয়েছে—

সর্দি-কাশি ও ইনফ্লুয়েঞ্জা (ফ্লু): এটি এই সময়ের সাধারণ রোগ।

ভাইরাল জ্বর ও ডেঙ্গু: ঋতু বদলের সঙ্গে মশার উপদ্রব বাড়ায় ডেঙ্গু ও সাধারণ ভাইরাসের প্রকোপ বাড়ে।

শ্বাসতন্ত্রের সংক্রমণ (নিউমোনিয়া ও ব্রঙ্কাইটিস): বিশেষ করে শিশু ও প্রবীণেরা বেশি আক্রান্ত হন।

হাঁপানি (অ্যাজমা) ও অ্যালার্জিজনিত সমস্যা: ধুলাবালু ও আবহাওয়ার শুষ্কতার কারণে।

গ্যাস্ট্রোএন্টারাইটিস বা ডায়রিয়া: খাদ্যে ও পানীয়তে জীবাণু সংক্রমণের কারণে।

হাম, চিকেন পক্স ও কনজাংটিভাইটিস (চোখ ওঠা): এই সময়ে এগুলো ছোঁয়াচে রোগ হিসেবে ছড়িয়ে পড়ে।

রোগগুলো হওয়ার প্রধান কারণ

ঋতু পরিবর্তনের সময় রোগাক্রান্ত হওয়ার পেছনে বেশ কিছু প্রাকৃতিক ও জৈবিক কারণ রয়েছে—

ভাইরাসের রূপান্তর ও বিস্তার: তাপমাত্রা কমবেশি হওয়ায় রাইনোভাইরাস, ইনফ্লুয়েঞ্জা এবং অন্যান্য জীবাণু বেঁচে থাকা ও দ্রুত ছড়িয়ে পড়ার সুযোগ বাড়ে।

রোগ প্রতিরোধক্ষমতার দুর্বলতা: হঠাৎ আবহাওয়া পরিবর্তনের সঙ্গে শরীর মানিয়ে নিতে সময় নেয়। এই ট্রানজিশনাল সময়ে শরীরের রোগ প্রতিরোধক্ষমতা কমে যায়।

বাতাসের আর্দ্রতা ও ধূলিকণা: বাতাসে ধূলিকণা ও পরাগরেণুর পরিমাণ বাড়ায় অ্যালার্জি ও শ্বাসকষ্টের ঝুঁকি বাড়ে।

দূষিত পানীয় ও খাবার: গরমে বা স্যাঁতসেঁতে আবহাওয়ায় খাবার দ্রুত নষ্ট হয়। ফলে পানিবাহিত রোগের জীবাণু সহজে শরীরে প্রবেশ করে।

সাধারণ লক্ষণ

  • রোগভেদে লক্ষণ ভিন্ন হলেও কিছু লক্ষণ বেশি প্রকাশ পায়; যেমন—
  • ১০১ থেকে ১০৩ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর এবং গায়ে ব্যথা।
  • নাক দিয়ে পানি পড়া, গলাব্যথা এবং শুকনা বা কফযুক্ত কাশি।
  • অতিরিক্ত ক্লান্তি, শরীর ম্যাজম্যাজ করা ও মাথাব্যথা।
  • ঘন ঘন পাতলা পায়খানা, বমি ভাব বা বমি হওয়া এবং পেটে মোচড় দিয়ে ব্যথা।
  • ত্বকে ফুসকুড়ি, চুলকানি বা চোখে লালচে ভাব ও পানি পড়া।
  • শ্বাস নিতে কষ্ট হওয়া বা বুকে ঘড়ঘড় শব্দ হওয়া।
  • প্রতিরোধমূলক ব্যবস্থা, সচেতনতা ও কিছু স্বাস্থ্যবিধি মেনে চললে মেসুমি রোগগুলো থেকে নিরাপদে থাকা সম্ভব।

যা মেনে চলেতে হবে

পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত পানি: ভিটামিন সি সমৃদ্ধ ফল (কমলা, লেবু, পেয়ারা) এবং পুষ্টিকর খাবার বেশি খেতে হবে। দিনে ৮ থেকে ১০ গ্লাস নিরাপদ ও ফোটানো পানি পান করুন।

ব্যক্তিগত পরিচ্ছন্নতা: বাইরে থেকে এসে বা খাওয়ার আগে সাবান দিয়ে অন্তত ২০ সেকেন্ড হাত ধুতে হবে। বাইরে গেলে মাস্ক ব্যবহার করা উচিত।

মশার উপদ্রব রোধ: বাড়ির আশপাশে পানি জমতে দেওয়া যাবে না এবং মশারি ব্যবহার করতে হবে।

পোশাকের সতর্কতা: আবহাওয়া বুঝে পোশাক পরুন। ঠান্ডা লাগতে পারে—এমন জায়গায় হালকা গরম কাপড় ব্যবহার করা বুদ্ধিমানের কাজ।

বাড়িতে প্রাথমিক চিকিৎসা

লক্ষণগুলো মৃদু হলে বাড়িতে কিছু প্রাথমিক যত্ন নেওয়া যেতে পারে।

জ্বরের জন্য: তাপমাত্রা বাড়লে প্যারাসিটামল খাওয়া যেতে পারে এবং কুসুম গরম পানিতে কাপড় ভিজিয়ে সারা শরীর মুছে দিতে হবে।

হাইড্রেশন বা পানির সমতা বজায় রাখা: ডায়রিয়া বা বমি হলে প্রচুর পরিমাণে ওরাল স্যালাইন, ডাবের পানি বা ফলের রস খাওয়াতে হবে।

গলাব্যথা ও কাশির জন্য: কুসুম গরম পানিতে সামান্য লবণ মিশিয়ে গার্গল করা এবং আদা-মধু দিয়ে তুলসীপাতার রস খাওয়া উপকারী।

বিশ্রাম: রোগীকে সম্পূর্ণ বিশ্রামে রাখতে হবে এবং হালকা ও ঝাল মসলা ছাড়া সহজপাচ্য খাবার দিতে হবে।

কখন হাসপাতালে বা চিকিৎসকের কাছে যেতে হবে

  • বাড়িতে প্রাথমিক চিকিৎসায় অবস্থার উন্নতি না হলে কিংবা শরীরে বিপদের চিহ্নগুলো দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে বা হাসপাতালে যেতে হবে:
  • জ্বর যদি টানা তিন-চার দিনের বেশি স্থায়ী হয় এবং কোনোভাবেই কমতে না চায়।
  • রোগীর যদি তীব্র শ্বাসকষ্ট দেখা দেয় বা ঠোঁট-নখ নীল হয়ে যায়।
  • বারবার বমি হওয়া বা তীব্র ডায়রিয়ার কারণে শরীর অতিরিক্ত দুর্বল ও পানিশূন্য হয়ে পড়লে।
  • প্রচণ্ড মাথাব্যথা, ঘাড় শক্ত হয়ে যাওয়া বা খিঁচুনি দেখা দিলে।
  • শিশু বা বয়স্কদের ক্ষেত্রে অতিরিক্ত নিস্তেজ হয়ে পড়া বা খাবার গ্রহণে সম্পূর্ণ অস্বীকৃতি জানালে।
  • স্বাস্থ্যই সকল সুখের মূল। ঋতু পরিবর্তনের এই সময়ে সামান্য অবহেলা বড় কোনো অসুস্থতার কারণ হতে পারে। তাই আতঙ্কিত না হয়ে সচেতন হোন, সুস্থ থাকুন।