হোম > ফ্যাক্টচেক > আজকের ফ্যাক্ট

তোফায়েল আহমেদের জানাজা ঠেকাতে পুলিশের লাঠিপেটা—দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার

ফ্যাক্টচেক ডেস্ক

তোফায়েল আহমেদের জানাজা ঘিরে ভোলায় পুলিশের চড়াও হওয়ার দাবিতে ছড়ানো ভিডিও। ছবি: স্ক্রিনশট

সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের জানাজা ঘিরে ভোলা শহর রণক্ষেত্রে পরিণত হয়েছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলোয় দাবি করা হচ্ছে, আওয়ামী লীগের এই নেতার জানাজা ঠেকাতে পুলিশ ধাওয়া ও লাঠিপেটা করছে।

এই দাবিতে পোস্ট আছে এখানে, এখানে, এখানে , এখানে, এখানে , এখানে এবং এখানে

“বঙ্গবন্ধু’র বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি” নামের একটি ফেসবুক পেজ থেকে আজ মঙ্গলবার (২ জুন) বেলা ১টার দিকে একটি ভিডিও শেয়ার করা হয়, যা সবচেয়ে বেশি ছড়িয়েছে। ভিডিওটি আজ বিকেল ৪টা ৩৫ মিনিট পর্যন্ত ৯৬ হাজার বারের বেশি দেখা হয়েছে। এতে ২ হাজার ৪০০টি রিঅ্যাকশন ও ২৮৭টি কমেন্ট রয়েছে। এ ছাড়া পোস্টটি ৭১৭ বারের বেশি শেয়ার করা হয়েছে।

ভিডিওটির কমেন্ট পর্যালোচনা করে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। কেউ কেউ এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। আবার অনেকেই বলেছেন যে—এটি ভোলার কোনো ঘটনার ভিডিও নয়।

আজকের পত্রিকার অনুসন্ধান

ভিডিওটিতে একজনকে বলতে শোনা যায়, ‘দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি পুলিশের সেই ধাওয়া ও লাঠিচার্জ।’ ভিডিওতে কিছুসংখ্যক মানুষের উদ্দেশে পুলিশকে ধাওয়া ও লাঠিপেটা করতে দেখা যায়। তবে ভিডিওর একপর্যায়ে ‘বাংলাদেশ মঞ্জুরি কমিশন’ লেখা একটি গেট ও লোগো স্পষ্টভাবে দেখা যায়।

এই সূত্র ধরে অনুসন্ধানে দেখা যায়, ভিডিওতে দৃশ্যমান স্থানের সঙ্গে ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ভবনের সামনে থাকা গেট ও লোগোর মিল পাওয়া যায়।

এ ছাড়া জাতীয় কোনো মূলধারার গণমাধ্যমেও তোফায়েল আহমেদের জানাজাকে কেন্দ্র করে ভোলায় পুলিশের কোনো কঠোর ব্যবস্থার অথবা শহর রণক্ষেত্র হওয়ার মতো কোনো সংবাদ পাওয়া যায়নি।

পরে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে দেখা যায়, একই ভিডিও ভিন্ন ভিন্ন সময় ও ভিন্ন ক্যাপশনে আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। ‘ক্যাম্পাসিয়ান পরিবার’ নামের একটি ফেসবুক পেজ থেকে ‘১৩ তারিখ আসার আগেই খেলা শুরু হয়ে গেছে’ ক্যাপশনে ২০২৫ সালের ১১ নভেম্বর আলোচ্য ভিডিওটি শেয়ার করা হয়। ‘Neamat Ullah Nizami’ নামের আরেকটি পেজ থেকেও গত বছরের নভেম্বরে ‘আল্লামা সাঈদীর প্রতিটি বাণী যেন সত্যি প্রমাণিত হচ্ছে’ ক্যাপশনে ভিডিওটি শেয়ার করা হয়েছিল। সম্প্রতি ভাইরাল ভিডিওটির সঙ্গে এসব ভিডিওর হুবহু মিল পাওয়া গেছে, যদিও কোনো ভিডিও থেকেই বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

‘ক্যাম্পাসিয়ান পরিবার’ ও ‘Neamat Ullah Nizami’ পেজে শেয়ার করা ভিডিও। ছবি: স্ক্রিনশট

বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে অনলাইন সংবাদমাধ্যম ‘Dhaka Prokash’-এর নামে খোলা একটি ফেসবুক পেজে ২০২৫ সালের ১১ নভেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ‘১৩ নভেম্বরের আগেই আ.লীগ কর্মীদের দৌড়ানি দিচ্ছে পুলিশ, এ যেন চোর-পুলিশের খেলা’ ক্যাপশনে প্রচারিত ওই ভিডিওটির সঙ্গেই সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির হুবহু মিল রয়েছে। একই ঘটনার ভিডিও ‘দ্য নিউজ’ নামের আরেকটি ফেসবুক পেজেও সে সময় প্রকাশ করা হয়েছিল।

ভাইরাল ভিডিওর সঙ্গে ঢাকা প্রকাশের ভিডিওর সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট

উল্লেখ্য, গত বছরের ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছিল। সে সময় লকডাউন কর্মসূচিতে কেউ মাঠে নামলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশনা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। মূলত সেই সময় ঢাকার তেজগাঁওয়ে ইউজিসি ভবনের সামনে জড়ো হওয়া আওয়ামী লীগ নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করার পুরোনো ভিডিওটিকেই এখন ভোলার ঘটনা দাবি করে প্রচার করা হচ্ছে।

সিদ্ধান্ত

সব মিলিয়ে দেখা যায়, তোফায়েল আহমেদের জানাজাকে ঘিরে ভোলায় পুলিশের লাঠিপেটার দাবিতে ছড়ানো ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়; বরং এটি পুরোনো একটি ভিন্ন ঘটনার ভিডিও, যা নতুনভাবে ভিন্ন দাবিতে প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

ছাত্রদলের নতুন সভাপতি আমান, সাধারণ সম্পাদক আবিদুল—দাবিটি সত্য নয়

আজকের পত্রিকার নামে ছড়িয়ে পড়া এই ফটোকার্ডটি ভুয়া

ট্রেনের নিচে পড়া ভাইরাল ভিডিওর ব্যক্তিটি বেঁচে আছেন

ডোনাল্ড ট্রাম্পের মুখে ড. ইউনূসের প্রশংসা—এআই দিয়ে তৈরি ভিডিও শেয়ার করলেন আসিফ নজরুল

চট্টগ্রামে হরিজন কলোনিতে অগ্নিকাণ্ডকে সাম্প্রদায়িক ঘৃণা বলে অপপ্রচার

মুসলিমদের সঙ্গে ইফতার করায় থালাপতি বিজয়ের ছবিযুক্ত ভবন ভাঙার তথ্যটি সঠিক নয়

শাহজালালে স্বর্ণ চুরির ঘটনাটি ২০২৩ সালের

সেলুনে ঘাড় ম্যাসাজের সময় যুবকের মৃত্যুর দাবিতে ছড়ানো ভিডিওটি সাজানো

রাজধানীতে বিপুলসংখ্যক মানুষের বিক্ষোভটি আ.লীগের নয়, ইসকন–বিরোধী মিছিল

ভিজিএফের চাল নিতে গিয়ে নারীদের পদদলিত হওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি পাকিস্তানের