হোম > ফ্যাক্টচেক > দেশ

গুম অধ্যাদেশ সংসদে উত্থাপিতই হয়নি, বাতিলের পক্ষে ইলিয়াস আলীর স্ত্রীর ভোট দেওয়ার দাবিটি মিথ্যা

ফ্যাক্টচেক ডেস্ক

গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রীও গুম অধ্যাদেশ বাতিলের পক্ষে ভোট দিয়েছে দাবিতে পোস্ট। ছবি: স্ক্রিনশট

‘গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রীও গুম অধ্যাদেশ বাতিলের পক্ষে ভোট দিয়েছে’—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ছড়িয়ে পড়েছে। গুমের শিকার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বর্তমানে বিএনপির সংসদ সদস্য। তাঁর নামে ছড়ানো এই দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।

এই দাবিতে ফেসবুকে পোস্ট আছে এখানে, এখানে, এখানে এবং এখানে

টিকটকে আছে এখানে।

এক্সে আছে এখানে।

থ্রেডসে আছে এখানে।

‘Bangladesh Jamaat Islami Kaliganj Jhenaidah’ নামের একটি পেজ থেকে ১১ এপ্রিল সন্ধ্যা ৭টা ৫১ মিনিটে একটি পোস্ট শেয়ার করা হয়। প্রচারিত দাবিতে সম্ভাব্য এটিই সবচেয়ে বেশি ছড়িয়েছে। ওই পোস্টটিতে ১৫ এপ্রিল দুপুর ১টা ৫ মিনিট পর্যন্ত ২৬ হাজার রিয়েকশন পড়েছে। এ ছাড়া পোস্টটিতে ৬৩৬ কমেন্ট এবং ৫৪২ শেয়ার রয়েছে।

ছড়িয়ে পড়া এসব পোস্টের কমেন্ট যাচাই করে দেখা যায়, বেশিরভাগ ব্যবহারকারী এমন দাবিতে ছড়িয়ে পড়া পোস্টটিকে সত্য মনে করছেন।

পোস্টে একজন কমেন্ট করেছেন, ‘তাহলে ইলিয়াছ আলীকে গুম করাইছে তার স্ত্রী।’ আরেকজন লিখেছেন, ‘দুঃখ পাওয়ার কিছু নেই। ইলিয়াছ আলী অতীত হয়ে গিয়েছে। তাকে নিয়ে আফসোস করে আর কিছুই আসবে না। এখন সংসদ সদস্য হয়েছে, পাবার সময় এসেছে। তাই অতীত টেনে যা হারাবে, তাই ক্ষতি। তালেমিলে চলতে পারলে দিন পার করতে পারবে। এমন দলের লোকই তারা, যাদের বিবেকবুদ্ধি দলের কাছে ইজারা দেওয়া। মালিক যেহেতু ইজারা নিয়েছে, যা ইচ্ছা তাই ফলাতে পারবে। জমির কিছুই বলার নেই। জমি সবকিছুই মেনে নিতে বাধ্য।’ আরেকজন বলেন, ‘ক্ষমতা পেলে অতীতের কষ্ট অনেকেই ভুলে যায়।’ (লেখা ও বানান অপরিবর্তিত)

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত দাবিতে পোস্ট। ছবি: স্ক্রিনশট

আজকের পত্রিকার অনুসন্ধান

ভাইরাল দাবির বিষয়ে কি-ওয়ার্ড সার্চ করে দেশের কোনো গণমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন কিংবা তথ্য পাওয়া যায়নি। ভাইরাল পোস্টের বক্তব্যটির সত্যতা যাচাই করতে চলমান জাতীয় সংসদ অধিবেশন ও সংশ্লিষ্ট বক্তব্যেও কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে ‘৯১টি বিল পাসের মাধ্যমে ১২০ অধ্যাদেশের নিষ্পত্তি, কার্যকারিতা হারাচ্ছে ২০টি’ শিরোনামে ১০ এপ্রিল দৈনিক সমকালের অনলাইন সংস্করণে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের জারি করা বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার, গণভোট, গুম প্রতিরোধ এবং দুর্নীতি দমনসহ গুরুত্বপূর্ণ ২০টি অধ্যাদেশ সাংবিধানিকভাবে নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় সংসদের অনুমোদন না পাওয়ায় শনিবার (১১ এপ্রিল) থেকে সেগুলোর বৈধতা হারাচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্তসহ ১১৩টি অধ্যাদেশকে ৮৭টি বিল পাসের মাধ্যমে অনুমোদন দেওয়া হয়েছে। চারটি পৃথক বিল পাসের মাধ্যমে জাতীয় মানবাধিকার কমিশনসহ ৭টি অধ্যাদেশকে বাতিল করা হয়েছে। এছাড়া গণভোট অধ্যাদেশ, পুলিশ কমিশন অধ্যাদেশসহ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকারের জারি করা বাকি ১৩টি অধ্যাদেশে সংসদের অনুমোদন মেলেনি। ফলে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যদেশের মধ্যে ২০টি ১০ এপ্রিল থেকে কার্যকরিতা হারাল।

সমকালের প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

প্রতিবেদন থেকে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় গত ১২ মার্চ। সাংবিধানিক নিয়মে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশ অনুমোদনের সময়সীমা ছিল ৩০ দিন, যা শেষ হয় ১০ এপ্রিল।

অনুসন্ধানে ‘বিচার বিভাগ, গুম, দুদকসহ বাদ পড়া বিষয়ে নতুন বিল আনা হবে’ শিরোনামে ১৩ এপ্রিল প্রকাশিত জাতীয় দৈনিক প্রথম আলোর একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে যে ১৬টি অধ্যাদেশ (গুম প্রতিরোধ ও বিচার বিভাগ সংক্রান্তসহ) নির্ধারিত সময়ে সংসদে উত্থাপিত না হওয়ায় বাতিল হয়ে গেছে, সেগুলো নিয়ে সরকার নতুন বিল আনার পরিকল্পনা করছে। আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এগুলো আরও যাচাই-বাছাই ও অংশীজনদের সঙ্গে আলোচনার পর পরবর্তী অধিবেশনে উত্থাপন করা হবে।

প্রথম আলোর প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

ফলে গুম অধ্যাদেশ সংসদে উত্থাপিতই হয়, সেখানে সেটি বাতিলের পক্ষে ইলিয়াস আলীর স্ত্রীর ভোট দেওয়ার কোনো প্রশ্নই আসে না।

এ ছাড়া তাহসিনা রুশদীর লুনা বহুদিন ধরে গুম-বিরোধী নানা সংগঠন ও তৎপরতার সঙ্গে যুক্ত। ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী এলাকা থেকে গাড়িচালকসহ এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর থেকেই তিনি সোচ্চার রয়েছেন। সংসদেও তিনি এ নিয়ে সরব হয়েছেন। বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির ইউটিউব চ্যানেলে ‘সংসদে দাঁড়িয়ে আমিও জানতে চাই, ইলিয়াস আলী কোথায়: ইলিয়াস আলীর স্ত্রী’ শিরোনামে ৩ মিনিট ৪৫ সেকেন্ডের একটি ভিডিও পাওয়া যায়।

৩০ মার্চ প্রকাশিত ওই ভিডিওতে তাহসিনা রুশদীর লুনা ইলিয়াস আলীর গুম হওয়ার বিষয়ে সংসদে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, ‘ইলিয়াস, সুমন পারভেজসহ আরও যাঁরা গুম হয়েছেন, তাঁদের পরিবারের সদস্যরা জানতে চান, তাঁদের সন্তান কোথায়? আমরা ফ্যাসিবাদমুক্ত হয়েছি এক বছরের বেশি সময়—দেড় বছরের কাছাকাছি, আমরা এখনো জানি না আমাদের স্বজনেরা কোথায়।’

এ সময় তাহসিনা সংসদে স্পিকারের উদ্দেশে বলেন, ‘আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় তাঁদের নিয়ে আলোচনা করেছি, কিন্তু আমরা এখনো জানি না তাঁদের অবস্থান কী এবং তাঁদের পরিণতি কী।’ এ সময় তাহসিনা গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক বিচার, গুম হওয়া পরিবারগুলোকে আর্থিক সহায়তা এবং পুনর্বাসনের জোর দাবি জানান।

যমুনা টিভির ভিডিও। ছবি: স্ক্রিনশট

একই তথ্য পাওয়া যায় জাতীয় দৈনিক আজকের পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে

এ ছাড়া ইলিয়াস আলীর স্ত্রীর এমন কোনো পদক্ষেপ নিলে তা অবশ্যই গণমাধ্যমে প্রকাশ পেত। অথচ এ বিষয়ে নির্ভরযোগ্য কোনো সংবাদ পাওয়া যায়নি।

সিদ্ধান্ত

‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫’ বিল নির্ধারিত সময়ের মধ্যে সংসদে উত্থাপন না হওয়ায় স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেছে। ফলে এটির পক্ষে-বিপক্ষে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ, ‘গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রীও গুম অধ্যাদেশ বাতিলের পক্ষে ভোট দিয়েছেন’—এমন দাবি সত্য নয়।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

ডাকাত আটকের ভিডিওকে পুলিশের গাড়িতে আসামির মৃত্যু দাবিতে প্রচার

‘মুক্তিযুদ্ধের চেতনায় ক্রিকেট এগিয়ে নেব’—রাশনা ইমামের নামে ভাইরাল ফটোকার্ডটি বানোয়াট

‘বোনের ধর্ষককে গুলি করে হত্যা করল চাঁদপুরের শিশু’— ভাইরাল ফটোকার্ডটি ভুয়া

অনশনরত ঢাবি শিক্ষার্থীদের আপেল-জুস খাওয়ার ভাইরাল ছবি এআই দিয়ে তৈরি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে স্পিকারের মন্তব্য বিকৃত করে প্রচার

নাহিদকে নিয়ে রিজওয়ানা হাসানের মন্তব্য দাবিতে ভুয়া ফটোকার্ড প্রচার

‘৬০ দিনের মধ্যে আওয়ামী লীগ ফিরছে’ দাবিতে ভাইরাল ভিডিও সম্পাদিত

নরসিংদীতে মাদ্রাসাশিক্ষার্থীকে নির্যাতন দাবিতে ভাইরাল ভিডিওটি ভারতের

তারেক রহমান, রিজভী ও সারজিসের নামে একই পেজ থেকে ভুয়া ফটোকার্ড প্রচার

বাংলাদেশে হিন্দু নির্যাতন দাবিতে ভারতে ছড়ানো ভিডিওর ভুক্তভোগী মুসলিম