হোম > ফ্যাক্টচেক > দেশ

আ.লীগ করার কারণে নয়, শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে জুতার মালা পরায় গ্রামবাসী

ফ্যাক্টচেক ডেস্ক

রাজনৈতিক পরিচয়ের কারণে জুতার মালা পরানোর দাবিতে ছড়ানো ভিডিও। ছবি: স্ক্রিনশট

আওয়ামী লীগ করার অপরাধে শিশু, নারী ও বৃদ্ধকে নির্যাতনের শিকার হতে হচ্ছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একজন বৃদ্ধকে ‘জুতার মালা পরানো’র একটি ভিডিও ছড়ানো হয়েছে।

আলোচিত দাবিতে কয়েকটি পোস্ট রয়েছে এখানে, এখানে, এবং এখানে

‘জয় বাংলা’ নামের একটি ফেসবুক পেজে ১৩ সেপ্টেম্বর আলোচিত দাবিতে একটি ভিডিও শেয়ার করা হয়। পোস্টের ক্যাপশনে দাবি করা হয়, ‘আজ আওয়ামী লীগ করার অপরাধে শিশু, নারী ও বৃদ্ধকেও যদি অপমান-নির্যাতনের শিকার হতে হয়, মনে রাখবেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। আগামীকাল প্রতিশোধের রাজনীতি ফিরে এলে, তখন সেটাকেও “বিচার” বলা হবে, নাকি আজকের অন্যায়ের বিচার আজই নিশ্চিত করবেন?’

শেয়ার করা ভিডিওটি ১৯ সেপ্টেম্বর দুপুর ২টা পর্যন্ত ৬৮ হাজার বারের বেশি দেখা হয়েছে। এ ছাড়া পোস্টটিতে ৫ হাজার রিয়েকশন, ৪১৩ কমেন্ট ও ১ হাজার ৪০০ শেয়ার রয়েছে।

আলোচিত দাবিতে শেয়ার করা এসব পোস্টের কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, অধিকাংশ ব্যবহারকারী দাবিটিকে সত্য মনে করেছেন।

পোস্টের কমেন্ট। ছবি: স্ক্রিনশট

আজকের পত্রিকার অনুসন্ধান

ভিডিওটি পর্যবেক্ষণে দেখা যায়, ‘জুতার মালা’ পরানো একজন বৃদ্ধকে ছাতায় ভর দিয়ে হেঁটে যেতে দেখা যায়। এ সময় সামনে থেকে ভিডিও করা একজনের সঙ্গে ওই বৃদ্ধের কথা বলার মতো মনে হলেও মূল ভিডিওর অডিও না থাকায় এবং শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকায় কোনো কথা শোনা যায়নি। লুঙ্গি পরিহিত ওই বৃদ্ধের গায়ে ছেঁড়া পাঞ্জাবি ও বাম হাতে স্যান্ডেল দেখা যায়।

ভিডিওর ভেতরে ‘আওয়ামী লীগ করার কারণে এই অবস্থা মনে রেখো বাংলাদেশ’ লেখা পাওয়া গেলেও কবে ও দেশের কোথায় এমন ঘটনা ঘটেছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। প্রচারিত দাবির বিষয়ে অনুসন্ধানেও এমন দাবির সত্যতা পাওয়া যায়নি।

তবে অনুসন্ধানে ‘শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, হাতেনাতে আটক ঘটক’ ক্যাপশনে ‘falconfeedltd’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হুবহু একই ভিডিও পাওয়া যায়। ভিডিওতে মোবাইল ফোন দিয়ে একজনকে ভিডিও করতে দেখা যায়। এ সময় একজনকে বলতে শোনা যায়, ‘ধর্ষণ করছে, ধর্ষণ।’

এরপর মোবাইল ফোন দিয়ে ভিডিও করা ওই ব্যক্তি বৃদ্ধকে উদ্দেশ করে বলেন, ‘তোর বয়স কত?’ উত্তরে বৃদ্ধ বলেন, ‘কিছু একটা বলেন।’ এ সময় সেখানে উপস্থিত অন্য একজনকে ‘৭০ বছর’ বলতে শোনা যায়। তখন আবার বৃদ্ধকে জিজ্ঞেস করা হয়, ‘ছেরির বয়স কত?’ তিনি বলেন, ‘৫ বছর।’ এরপর আরেক প্রশ্নে বলা হয়, ‘আর এমন করবি?’ উত্তরে বৃদ্ধ বলেন, ‘না।’

এরপর আবার ভিডিওতে বলতে শোনা যায়, ‘৫ বছরের ছেরিকে ধর্ষণ করছে, ৫ বছরের ছেরিকে ধর্ষণ করছে।’

ইনস্টাগ্রাম পোস্ট। ছবি: স্ক্রিনশট

আরও অনুসন্ধানে ‘amzadhosen50513’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও একই ভিডিও পাওয়া যায়। ওই ভিডিওর ক্যাপশনে বলা হয়, ঘটনাটি গফরগাঁও উপজেলার লংগার ইউনিয়নের। আরও কিছু ১, ২, অ্যাকাউন্টেও একই দাবিতে ভিডিওটি পাওয়া যায়।

এই সূত্র ধরে অনুসন্ধানে জানা যায়, ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার একটি ইউনিয়নের নাম লংগার। ঘটনার সত্যতা পুরোপুরি নিশ্চিত হতে আজকের পত্রিকার গফরগাঁও প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি রাজনৈতিক নয়। জুতার মালা পরানো ওই বৃদ্ধের নাম নুরুল ইসলাম। তিনি লংগার ইউনিয়নের চকপাড়া গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন ঘটক। প্রায় এক সপ্তাহ আগে এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে স্থানীয় জনতা তাঁকে হাতেনাতে আটক করে। পরে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তাঁকে মারধর করে এবং জুতার মালা পরিয়ে ঘোরায়।

সিদ্ধান্ত

আওয়ামী লীগ করার অপরাধে বৃদ্ধকে জুতার মালা পরিয়ে নির্যাতন করা হয়েছে—এমন দাবিতে প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর। মূলত ময়মনসিংহে এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে আটক করে জুতার মালা পরিয়ে গ্রামে ঘোরানোর ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com