হোম > ফ্যাক্টচেক > দেশ

লেবাননে যুদ্ধাহত শিশুকে যুবলীগ কর্মীর সন্তান বলে প্রচার

ফ্যাক্টচেক ডেস্ক

নাটোরে যুবলীগ কর্মীর সন্তানকে হত্যা চেষ্টার দাবিতে ছড়ানো ফটোকার্ড। ছবি: স্ক্রিনশট

নাটোরে যুবলীগকর্মীকে না পেয়ে মায়ের কোল থেকে শিশু সন্তানকে কেড়ে নিয়ে মাটিতে আছাড় দিয়ে হত্যার চেষ্টা—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে।

ছড়িয়ে পড়া ওই পোস্টে বলা হয়, আহত শিশুটি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজসহ ইনস্টাগ্রামএক্স অ্যাকাউন্ট থেকেও ফটোকার্ডটি শেয়ার করা হয়েছে।

আজকের পত্রিকার অনুসন্ধান

ছড়িয়ে পড়া ফটোকার্ডে একটি শিশুকে কাঁদতে দেখা যায় এবং শিশুটির পুরো শরীর ব্যান্ডেজে মোড়া। কার্ডের ওপরের বাম পাশে ‘২১ সেপ্টেম্বর ২০২৬’ উল্লেখ রয়েছে। এ ছাড়া ছবির ডান পাশে ইনসেটে ব্যানার হাতে কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ব্যানারে ‘নাটোর জেলা যুবদল’ লেখা রয়েছে।

প্রচারিত দাবির বিষয়ে অনুসন্ধানে জাতীয় বা স্থানীয় গণমাধ্যমে প্রচারিত দাবি সংবলিত কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে ‘Lebanese father describes moment Israeli missile left toddler with third-degree burns’ শিরোনামে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ২০২৪ সালের ২৬ অক্টোবর প্রকাশিত ওই প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে প্রচারিত ছবিটির হুবহু মিল রয়েছে।

বিবিসির প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় দুই বছর বয়সী ইভানা নামের এক শিশু গুরুতর দগ্ধ হয়। হামলায় তার শরীরের প্রায় অর্ধেকজুড়ে তৃতীয়-স্তরের পোড়া ক্ষত সৃষ্টি হয়।

প্রতিবেদনে শিশুটির বাবা মোহাম্মদ স্কাইকির উদ্ধৃতি দিয়ে জানানো হয়, ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর হামলার সময় পরিবারটি বাড়ি ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় বাড়ির খুব কাছাকাছি একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ইভানা ও তার বড় বোন আহত হয়। পরে উদ্ধারকারীরা ইভানাকে বৈরুতের গেইতাউবি হাসপাতালে নিয়ে যান।

এ ছাড়া প্রতিবেদনে ওই সময় দক্ষিণ লেবাননে চলমান হামলা, বাস্তুচ্যুতি এবং হাসপাতালটির বার্ন ইউনিটে আহতদের চিকিৎসার পরিস্থিতিও তুলে ধরা হয়।

নাটোরে এমন কোনো ঘটনা ঘটেছে কি না, তা যাচাই করতে নাটোর থানায় যোগাযোগ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক টিম। থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, প্রচারিত দাবিটি বানোয়াট ও ভিত্তিহীন। মূলত বাড়ির সামনের রাস্তা নিয়ে বিরোধের জের ধরে পারিবারিক সংঘর্ষে এক নারী ও তাঁর সন্তান আহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল (২১ সেপ্টেম্বর) থানায় মামলা হয়েছে। ঘটনাটি সম্পূর্ণ পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধের, এর সঙ্গে প্রচারিত দাবির কোনো সম্পর্ক নেই।

কম্পেরিজন: আজকের পত্রিকা

উল্লেখ্য, আলোচিত দাবিতে ছড়ানো ‘Freedom Bangla News’ নামের ফেসবুক পেজটি পর্যবেক্ষণে দেখা যায়, পেজটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন পোস্ট ও তথ্য প্রচার করে। এ ছাড়া, পেজটি থেকে নিয়মিত বানোয়াট তথ্যও ছড়ানো হয়।

সিদ্ধান্ত

নাটোরে রাজনৈতিক প্রতিহিংসায় যুবলীগকর্মীর সন্তানকে কোল থেকে কেড়ে নিয়ে আছাড় দিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে বলে ছড়ানো দাবিটি সঠিক নয়।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com