বাবার বন্ধুর সঙ্গে জোরপূর্বক বিয়ে দেওয়ার চেষ্টায় কনে রাজি হচ্ছেন না—এমন একটি ভিডিও বাস্তব ঘটনা দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে।
‘বাংলাদেশ শিক্ষা বোর্ড’ নামের একটি ফেসবুক গ্রুপে আলোচিত দাবিতে ১৭ সেপ্টেম্বর একটি ভিডিও শেয়ার করা হয়। ছড়িয়ে পড়া ভিডিওটিতে ৫ হাজার ১০০ রিয়েকশন, ৯১ কমেন্ট ও ১৬ শেয়ার রয়েছে।
ভিডিওটির কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, অধিকাংশ ব্যবহারকারী দাবিটিকে সত্য মনে করেছেন। একজন বলেন, ‘Ei meye jodi porokia kore taile ei meyer kono dush nai’। আরেকজন বলেন, ‘হাসার কি হলো? মেয়েটার জায়গায় নিজেকে বসাই দেখুন তো কেমন লাগে?’ একজন আবার বলেন, ‘মনে হয় বন্ধু টাকা পাবে, সেটা শোধ দিতে না পেরে মেয়েকে জোর করে বিয়ে দিচ্ছে। আর নয়তো টাকা লেনদেন হবে বিয়ের বিনিময়ে। মেয়েরা আসলেই অসহায়। আমরা একটা জীবন কাটিয়ে ফেলি অন্যদের সিদ্ধান্তে। এই বাবাকে পুলিশে দেওয়া উচিত।’
এ ছাড়া, একই দাবিতে ফেসবুক (১, ২), ইউটিউব ও টিকটকের একাধিক অ্যাকাউন্ট ও পেজ থেকেও একই ভিডিও পাওয়া যায়।
ছড়িয়ে পড়া ভিডিওতে বর-কনেসহ বিয়েবাড়ির সাজ ও পোশাকে বেশ কয়েকজন নারী-পুরুষকে দেখা যায়। ভিডিওতে এক ব্যক্তিকে কনের সাজে বসে থাকা নারীকে মারতে তেড়ে যেতে দেখা যায়। এ সময় অন্যরা তাঁকে নিবৃত্ত করেন। তখন ওই ব্যক্তিকে এক বৃদ্ধকে উদ্দেশ করে বলতে শোনা যায়, ‘তোমার মেয়ে রাজি হয় না কেন, আমার মান-সম্মান খাইবো নাকি, রাজি হও।’ পরে অন্য একজনকে উদ্দেশ করে একই ব্যক্তি বলেন, ‘কেমনে রাজি করাবি, রাজি করা।’
তবে ভিডিওতে এমন ঘটনা কোথায় ও কবে ঘটেছে, সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। পরে বিভিন্ন কি-ওয়ার্ড নিয়ে অনুসন্ধান করেও আলোচিত দাবির পক্ষে কোনো তথ্যের সত্যতা পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে ‘বিয়ের কবুল বলতে গিয়ে একি করল মেয়ে টি’ শিরোনামে একটি ভিডিও পাওয়া যায়। ‘Nk Media One’ নামের ইউটিউব চ্যানেলে ২০২৫ সালে প্রকাশিত ওই ভিডিওর ১৫ মিনিট ৩৩ সেকেন্ড থেকে ৫৩ সেকেন্ড পর্যন্ত অংশের সঙ্গে আলোচিত ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়।
এ ছাড়া, ১৮ মিনিট ৬ সেকেন্ডের ওই ভিডিওতে উপস্থিত ব্যক্তিদের কথাবার্তা ও আচরণ পর্যবেক্ষণ করে এটি স্ক্রিপ্টেড কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়। পরে ‘Nk Media One’ নামের চ্যানেলটি পর্যবেক্ষণ করে একই ধরনের অন্তত ৫০টির বেশি ভিডিও পাওয়া যায়। এ ছাড়া, চ্যানেলটির আরও কিছু ভিডিওতে ( ১, ২, ৩) আলোচিত ভিডিওতে থাকা একই ব্যক্তিদের দেখা যায়।
চ্যানেলটির ডেসক্রিপশন থেকে জানা যায়, এটি বাংলাদেশ থেকে পরিচালিত। সেখানে বলা হয়েছে, ‘Nk Media One’-এ বিয়ের ভিডিও, গ্রামের বিয়ের ভিডিও, বিয়ের গান, গায়ে হলুদের গান, বিয়ের অনুষ্ঠান, হলুদবাটা, মেহেদিবাটা, বাংলা বিয়ের গান, কনে বিদায়, আবেগঘন বিয়ের বিদায়ের ভিডিও, গ্রামের বিয়ে, বিয়েবাড়ি, ওয়েডিং সং, বাংলাদেশি বিয়ের গান, বিয়ের বিদায়, বাংলা ওয়েডিং সং, পূর্ণাঙ্গ বিয়ের ভিডিও, গ্রামের বিয়ের অনুষ্ঠান, বিয়ের সিনেমাটোগ্রাফি, আবেগঘন ভিডিও গান, বোনের বিদায়, বোনের বিদায়ের পূর্ণাঙ্গ ভিডিও, বিদায়ের আবেগঘন ভিডিও’সহ বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা হয়েছে।
পাশাপাশি, চ্যানেলটির একই নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও একই ধরনের ভিডিও পাওয়া যায়।
বাবার বন্ধুকে বিয়ে করতে রাজি হচ্ছে না কনে— এমন দাবিতে ছড়ানো ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয়। মূলত ‘Nk Media One’ নামের একটি বিনোদনমূলক ইউটিউব চ্যানেলের প্রচারিত নাটকের অংশ কেটে সামাজিক যোগাযোগমাধ্যমে সত্য ঘটনা দাবিতে ছড়ানো হচ্ছে।