হোম > ফ্যাক্টচেক > দেশ

শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে তাহেরির মোনাজাতের ছবিটি এআই দিয়ে তৈরি

ফ্যাক্টচেক ডেস্ক

শেখ মুজিবুর রহমানের ছবির সামনে তাহেরি মোনাজাত করছেন—দাবিতে ভাইরাল ছবি। ছবি: স্ক্রিন

আলোচিত ইসলামি বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরি শেখ মুজিবুর রহমানের একটি বাঁধাই করা ছবির সামনে দাঁড়িয়ে মোনাজাত করছেন— এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পোস্টটি আছে এখানে, এখানে, এখানে

‘গিয়াস উদ্দিন তাহেরী’ নামে একটি পেজ থেকে আলোচিত দাবিতে ২৩ মার্চ রাত ১১টা ৪৮ মিনিটে একটি পোস্ট শেয়ার করা হয়। আলোচিত দাবিতে এটিই সম্ভাব্য প্রথম পোস্ট এবং সবচেয়ে বেশি ছড়িয়েছে। পোস্টটিতে আজ (১ এপ্রিল) দুপুর ২টা ০৮ মিনিট পর্যন্ত প্রায় ১৪ হাজার রিয়েকশন, ৬০১ কমেন্ট এবং ৪৯০ শেয়ার রয়েছে। একই দাবি ও পেজ থেকে পরবর্তীতে ২৬ মার্চ ও ৩০ মার্চ পোস্ট করা হয়।

‘ক্ষমা করে দিও আমাদের, আমরা অকৃতজ্ঞ জাতি। তোমার বাড়ির আঙিনায় তোমার উষ্ণ অনুভূতি আর বাঙালিরা পাবে না। বুকের ভিতর রাখা আছো তুমি, তুমি আমার অনুভূতি, আবেগ ও আদর্শ, তোমার জন্য করতে প্রস্তুত জীবন উৎসর্গ’—ক্যাপশনে শেয়ার করা এসব পোস্টের কমেন্ট পর্যবেক্ষণে দেখা যায়, বেশিরভাগ ব্যবহারকারী পোস্টটিকে সত্য মনে করেছেন।

আজকের পত্রিকার অনুসন্ধান

ভাইরাল ছবিটি পর্যবেক্ষণে দেখা যায়, একজন ব্যক্তি একটি বড় প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে হাত তুলে মোনাজাত করছেন। তবে ছবিটিতে বেশ কিছু অসংগতি চোখে পড়ে। মেঝে ও প্রতিকৃতির তুলনায় তাহেরির উচ্চতা বেমানান। এ ছাড়া তাঁর পাশে ছোট টেবিলে রাখা একটি পারিবারিক গ্রুপ ছবিতে থাকা ব্যক্তিদের সঙ্গে শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের মিল নেই।

ছবিটির সবচেয়ে বড় অসংগতি হলো—ছবির নিচের ডান কোণে গুগলের এআই চ্যাটবট জেমিনি-এর সাদা লোগো দেখা যায়। সাধারণত জেমিনি দিয়ে ছবি তৈরি বা সম্পাদনা করা হলে এমন জলছাপ থাকে।

বিষয়টি নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম হাইভ মডারেশনের সহায়তা নেওয়া হয়। পরীক্ষায় দেখা যায়, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৯৭.৯ শতাংশ।

ভাইরাল ছবির এআই পরীক্ষা। ছবি: স্ক্রিনশট

এ ছাড়া যাচাইয়ে ‘Mufti Gias Uddin Tahery’ নামের তাহেরির ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট পাওয়া যায়। ওই পেজে আলোচিত দাবিতে কোনো পোস্ট বা তথ্য পাওয়া যায়নি।

অপরদিকে, আলোচিত দাবিতে সম্ভাব্য প্রথম পোস্ট করা ‘গিয়াস উদ্দিন তাহেরী’ নামের পেজটি পর্যবেক্ষণে দেখা যায়, তথ্যপ্রমাণ ছাড়াই আরও অনেক পোস্ট রয়েছে, যার বেশিরভাগই এআই দিয়ে তৈরি।

সিদ্ধান্ত

শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে তাহেরি মোনাজাত করছেন—এমন দাবিতে ছড়ানো ছবিটি এআই দিয়ে তৈরি। এ ছাড়া যে অ্যাকাউন্ট থেকে ছবিটি ছড়ানো হয়েছে, সেটি তাহেরির আসল আইডি নয়।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

জুলাই আন্দোলনের ভিডিওকে আ. লীগের মিছিল দাবিতে প্রচার

সুনামগঞ্জের ‘চোর নির্মূল কমিটি’র অভিযানকে সাম্প্রদায়িক নির্যাতন বলে প্রচার

‘ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়া’র ভিডিওটি ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরের বানানো

কুমিল্লায় শিশু নির্যাতনের ভিডিওকে আ.লীগ নেতার ছেলেকে হত্যা দাবিতে প্রচার

বাংলা, ইতিহাস ও দর্শনের অনার্স কোর্স বাতিলের দাবিটি গুজব

সীমান্তে মাইন পুঁততে গিয়ে ভারতীয় গুপ্তচর আটকের দাবিটি মুন্সিগঞ্জে নির্বাচনী সহিংসতার

‘জামাত দেশ রক্ষার জন্য রাজনীতি করে’—রুমিন ফারহানার নামে ছড়ানো বক্তব্যটি বানোয়াট

ট্রাম্পের স্কটল্যান্ড সফরের ভিডিওকে ভারতে শেখ হাসিনার গাড়িবহর বলে প্রচার

তোফায়েল আহমেদের জানাজায় জামায়াতের বাধা—ভাইরাল দাবির সত্যতা যাচাই

‘বেদে নারী’দের চুল কাটার ভিডিও ভাইরাল, অভিযুক্ত কি সত্যিই মুগদার জামায়াত নেতা