হোম > ফ্যাক্টচেক > দেশ

তোফায়েল আহমেদের জানাজায় জামায়াতের বাধা—ভাইরাল দাবির সত্যতা যাচাই

ফ্যাক্টচেক ডেস্ক

ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় জামায়াতের বাধাঁ দাবিতে প্রচারিত ভিডিও। ছবি: স্ক্রিনশট

প্রয়াত আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের জানাজায় সাধারণ মানুষকে আসতে জামায়াতের সন্ত্রাসীরা বাধা দিচ্ছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে।

এই দাবিতে ভাইরাল কয়েকটি ভিডিও আছে এখানে , এখানে, এখানে , এখানে এবং এখানে

‘24 Hour News Tv’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ২ জুন দুপুর ২টার দিকে একটি ভিডিও শেয়ার করা হয়, যা আলোচিত দাবিতে সবচেয়ে বেশি ছড়িয়েছে। পোস্টের ক্যাপশনে দাবি করা হয়, ‘ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় রাস্তায় রাস্তায় সাধারণ মানুষকে আসতে বাধা দিচ্ছে জামায়াতের সন্ত্রাসীরা। একজন মৃত মানুষকে নিয়ে সরকারের এত ভয়!! পুলিশ, বিএনপি, জামায়াত সবাই এক হয়ে মাঠে নেমেছে জানাজা করতে দেবে না।’ ভিডিওটি ৪ জুন বিকেল ৪টা ১১ মিনিট পর্যন্ত প্রায় ১৩ লাখ বারের বেশি দেখা হয়েছে। ভিডিওটিতে ৯ হাজার ৬০০ রিয়্যাকশন এবং ১ হাজার ৪০০ কমেন্ট রয়েছে। এ ছাড়া পোস্টটি ৩ হাজার বারের বেশি শেয়ার হয়েছে।

শেয়ার করা ভিডিওর কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, বেশিরভাগ ব্যবহারকারী আলোচিত দাবিটিকে সত্য মনে করে কমেন্ট করেছেন।

আজকের পত্রিকার অনুসন্ধান

আলোচ্য দাবির সত্যতা যাচাইয়ের শুরুতে ভাইরাল ভিডিওটি পর্যবেক্ষণ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক টিম। ভিডিওটি পর্যবেক্ষণে কয়েকজন টুপি-পাঞ্জাবি পরিহিত ব্যক্তিকে হাতাহাতি করতে দেখা যায়। তবে ভিডিওর ক্যাপশনে ঘটনাটি ভোলার এবং তোফায়েল আহমেদের জানাজা সংক্রান্ত বলা হলেও, ভোলার কোন এলাকায় এই ঘটনা ঘটেছে—সে সম্পর্কে কোনো তথ্য ভিডিওতে বা শেয়ার করা অ্যাকাউন্টগুলোর কোথাও পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে অনুসন্ধানে মূলধারার কোনো গণমাধ্যমেও তোফায়েল আহমেদের জানাজায় আলোচ্য দাবির কোনো খবর পাওয়া যায়নি। বরং তোফায়েল আহমদের জানাজায় মানুষের ঢল—এমন বা এর কাছাকাছি শিরোনামে একাধিক (, ) গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

পরে ভিডিওটির কয়েকটি কী-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে ‘MANOB TV’ নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ১ অক্টোবর শেয়ার করা একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ‘জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে শক্তি প্রদর্শনী’ শিরোনামে প্রকাশিত ওই ভিডিওর দৃশ্যের সঙ্গে সম্প্রতি ছড়ানো ভাইরাল ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়।

MANOB TV-এর ইউটিউব ভিডিও। ছবি: স্ক্রিনশট

আরও অনুসন্ধানে,‘Dainik Sokal’ নামের একটি ফেসবুক পেজেও একই ভিডিও খুঁজে পাওয়া যায়। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেয়ার করা ওই ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, ‘ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের হাতাহাতি!’

একই দিনে ‘দৈনিক সকাল’ নামের পেজ থেকে ‘ওলামা দলের দুই গ্রুপের সংঘর্ষে রক্তাক্ত হয়ে মুখ খুললেন শীর্ষ নেতা’ ও ‘সালাউদ্দিন আহমেদকে ঘিরে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের উচ্ছ্বাস’ ক্যাপশনে শেয়ার করা আরও দুটি ভিডিও পাওয়া যায়, যা ওলামা দলের ওই অভ্যন্তরীণ কোন্দলের ঘটনাটিকে নিশ্চিত করে।

দৈনিক সকালের ফেসবুক ভিডিও। ছবি: স্ক্রিনশট

অর্থাৎ, ভিডিওটি অন্তত ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে অনলাইনে রয়েছে এবং ঘটনাটি জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যান সংলগ্ন এলাকায় ঘটেছিল। এর সঙ্গে ভোলা বা তোফায়েল আহমেদের জানাজার কোনো সম্পর্ক নেই।

এ ছাড়া আলোচিত দাবিতে ভিডিওটি প্রচার করা ফেসবুক অ্যাকাউন্ট ও পেজগুলো পর্যালোচনা করে দেখা গেছে, এগুলো নিয়মিত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা এবং বিভ্রান্তিকর তথ্যভিত্তিক কনটেন্ট প্রকাশ করে থাকে। এর আগেও এসব অ্যাকাউন্ট থেকে প্রচারিত একাধিক (, )দাবিকে আজকের পত্রিকার ফ্যাক্টচেক টিম বিভ্রান্তিকর হিসেবে শনাক্ত করেছে।

সিদ্ধান্ত

গত বছর ঢাকায় জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতা–কর্মীদের নিজেদের মধ্যে ঘটা হাতাহাতির একটি পুরোনো ভিডিওকে বর্তমানে ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় জামায়াতের বাধাঁ দেওয়ার দাবি জুড়ে প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

‘বেদে নারী’দের চুল কাটার ভিডিও ভাইরাল, অভিযুক্ত কি সত্যিই মুগদার জামায়াত নেতা

ময়মনসিংহে শিশুকে ধর্ষণের পর হত্যার দাবিতে ছড়ানো ভিডিওটি বিহারের

ঈদের নামাজ শেষে আ.লীগ নেতাকে হত্যার দাবিতে প্রচারিত ভিডিওটি ভারতের

দেবিদ্বারে বরাদ্দ নিয়ে হাসনাত আবদুল্লাহর নামে বানোয়াট বক্তব্য প্রচার

১০ বছর আগে হিন্দুদের ধর্মান্তরে আ.লীগ নেতার বিতর্কিত বক্তব্য বিএনপি নেতার নামে প্রচার

রোগীকে ধর্ষণের দাবিতে ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার, ধর্ষককে আদালতে গুলির দাবিটিও ভুয়া

মানিকগঞ্জে চুরির ঘটনাকে কুড়িগ্রামে আ. লীগ নেত্রীকে নির্যাতন বলে প্রচার

কারিনা কায়সারের কবরে সাপ? ভাইরাল ভিডিওটি পুরোনো

কলকাতায় বাংলাদেশিদের উচ্ছেদ ভেবে হিন্দুত্ববাদীদের উল্লাস, আসলে ভিডিওটি যশোরের

মাশরাফির বাড়ি পোড়ানো নিয়ে নাহিদ ইসলামের নামে বানোয়াট বক্তব্য প্রচার