হোম > ফ্যাক্টচেক > দেশ

জুলাই আন্দোলনের ভিডিও ‘আ.লীগের ওপর গুলি’ বলে প্রচার

ফ্যাক্টচেক ডেস্ক

আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেখামাত্র গুলির নির্দেশের দাবিতে ছড়ানো ভিডিও। ছবি: স্ক্রিনশট

আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাজপথে বের হলে পুলিশ তাঁদের সরাসরি গুলি করবে—এমন একটি দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

‘Nizamul Islam Saif’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ১৩ নভেম্বর রাতে ভিডিওটি শেয়ার করা হয়। পোস্টটিতে হাজারেরও বেশি রিয়েকশন ও শেয়ার হয়েছে। পোস্টের কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, ব্যবহারকারীদের অনেকেই দাবিটিকে সত্য বলে মনে করেছেন।

আবার কোথাও কোথাও একই ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকেরা আন্দোলনে নামলেও পুলিশ তাদের ওপর গুলি চালাবে।

আজকের পত্রিকার অনুসন্ধান

ভাইরাল হওয়া ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায়, পুলিশের পোশাক ও বুলেটপ্রুফ ভেস্ট পরা এক কর্মকর্তা একটি ভবনের সামনে দাঁড়িয়ে বলছেন, ‘আমাদের ওপর নির্দেশনা আছে, আজকে যদি আপনারা বের হন, আমরা কিন্তু ডাইরেক্ট গুলি করব।’ ভিডিওর ভেতরেও একই কথা লেখা রয়েছে।

তবে বর্তমান সময়ের কোনো ঘটনার সঙ্গে এই বক্তব্যের সত্যতা যাচাইয়ে জাতীয় কোনো গণমাধ্যমে এমন নির্দেশনার তথ্য পাওয়া যায়নি।

পরে ভিডিওর কয়েকটি কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ‘Private University Students Alliance of Bangladesh (PUSAB)’-এর ভেরিফায়েড ফেসবুক পেজে ২০২৪ সালের ১৮ জুলাই শেয়ার করা একটি ভিডিও পাওয়া যায়। ওই ভিডিওর ক্যাপশনে সে সময়ের ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। পোস্টের ক্যাপশনে বলা হয়, ‘তাহলে কি শিক্ষার্থীদের উপর সরাসরি গুলির নির্দেশনা দিয়ে আলোচনার টেবিলে বসতে চায় সরকার? এক সংবাদ মাধ্যমে নিউজ ২৪ এ দেখলাম AK 47 রাইফেল ব্যবহার করছে সাধারন শিক্ষার্থীদের উপর।’ এ ছাড়া পেজটিতে ওই দিন জুলাই গণ-অভ্যুত্থানের সময়ের আরও কিছু ভিডিও পাওয়া যায়।

২০২৪ সালের ভিডিও। ছবি: স্ক্রিনশট

এ ছাড়া ‘EXCLUSIVE by NGL’ ক্যাপশনে ২০২৪ সালের ১৮ জুলাই অন্য একটি পেজেও একই ভিডিও পাওয়া যায়।

আজকের পত্রিকার তুলনাচিত্র।

সিদ্ধান্ত

আওয়ামী লীগের নেতা-কর্মী বা পোশাকশ্রমিকেরা রাজপথে নামলে পুলিশ তাঁদের সরাসরি গুলি করবে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর। মূলত ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময়কার একটি পুরোনো ভিডিও, যা আলোচিত দাবিতে ছড়ানো হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com