হোম > ফ্যাক্টচেক > দেশ

গোপালগঞ্জে লাগাতার মিছিল দাবিতে ছড়ানো ভিডিওটি ২০২৪ সালের

ফ্যাক্টচেক ডেস্ক

গোপালগঞ্জে লাগাতার আন্দোলনের দাবিতে ছড়ানো ভিডিও। ছবি: স্ক্রিনশট

লাগাতার মিছিল আর আন্দোলনে সরব গোপালগঞ্জ—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

আলোচিত দাবিতে ‘Channel 32 News’ নামের একটি ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করা হয়। ১০ অক্টোবর শেয়ার করা ওই ভিডিওটি ১১ অক্টোবর দুপুর ২টা ৪৩ মিনিট পর্যন্ত প্রায় ২ লাখ ৮০ হাজার বারের বেশি দেখা হয়েছে। এ ছাড়া ভিডিওটিতে ১২ হাজার ২০০ রিয়েকশন, ১৬৫ কমেন্ট ও ৫১০ শেয়ার রয়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওর কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, অধিকাংশ ব্যবহারকারী ভিডিওটিকে সাম্প্রতিক ঘটনা মনে করে কমেন্ট করেছেন। পোস্টের কমেন্টে একজন লেখেন, ‘বঙ্গবন্ধু শিখিয়ে গেছে লড়াই করে বাঁচতে হবে। সেই লড়াইয়ে জিতবে কারা? বঙ্গবন্ধুর সৈনিকরা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’ আরেকজন বলেন, ‘আইতাছে রে আইতাছে শেখের বেটি আইতাছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’ অপর একজন লেখেন, ‘ফি আমানিল্লাহ। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইলো। মহান আল্লাহ যেন তোমাদের মনের আশা পূরণ করে। আমিন।’

আজকের পত্রিকার অনুসন্ধান

ছড়িয়ে পড়া ৯ সেকেন্ডের মিছিলের ভিডিওতে ‘ওই সেই নেত্রী শেখ হাসিনা’, ‘শেখ হাসিনা’—এমন স্লোগান ও হাততালির শব্দ শোনা যায়। এ ছাড়া ভিডিওতে অনেকের হাতে লাঠিসদৃশ বস্তু দেখা যায়।

প্রচারিত দাবির বিষয়ে অনুসন্ধানে জাতীয় গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্রে সম্প্রতি গোপালগঞ্জে এমন কোনো মিছিলের তথ্য পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে ‘rayhan_hossen_chowdhury’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হুবহু একই ভিডিও পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়, এটি ২০২৫ সালের ১৫ নভেম্বর গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের মশাল মিছিলের দৃশ্য।

এ ছাড়া, একই অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করে আবার দাবি করা হয়, এটি মূলত ২০২৫ সালের ১৭ ডিসেম্বর গোপালগঞ্জে বিজয় মাস উপলক্ষে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বের করা মিছিলের দৃশ্য। অর্থাৎ, একই ভিডিও শেয়ার করে ভিন্ন ভিন্ন সময়ের দাবি করায় ভিডিওটির সময়কাল নিয়ে সন্দেহ তৈরি হয়।

পাশাপাশি, অ্যাকাউন্টটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে এবং অন্যান্য রাজনৈতিক দলের বিপক্ষে পোস্ট রয়েছে। এ ছাড়া, বিভিন্ন সময়ে শেয়ার করা একাধিক ভুয়া পোস্টও অ্যাকাউন্টটিতে পাওয়া যায়।

পরে অনুসন্ধানে ‘raiyan_khan_14’ নামের একটি টিকটক অ্যাকাউন্টে ২০২৪ সালের ৩ আগস্ট শেয়ার করা একটি ভিডিও পাওয়া যায়। ‘আমাদের ৯ দফা দাবি মানতে হবে’ ক্যাপশনে প্রকাশিত ৩ মিনিট ৩০ সেকেন্ডের ওই ভিডিওর প্রথম ৯ সেকেন্ডের সঙ্গে আলোচিত ভিডিওর মিল পাওয়া যায়। এ ছাড়া, ভিডিওটিতে একাধিক ভিন্ন স্থানের দৃশ্যও রয়েছে। ওই ভিডিওতে মূল শব্দ শোনা না গেলেও ভয়েসওভারে ২০২৪-এর গণ-অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবির কথা বলতে শোনা যায়। এর আগে আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল কাদের ২০২৪ সালের ১৯ জুলাই ৯ দফা ঘোষণা করেন।

আজকের পত্রিকার তুলনাচিত্র

তবে আলোচিত দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওর স্থান ও সময় স্বাধীনভাবে নিশ্চিত হওয়া না গেলেও এটি স্পষ্ট যে, ভিডিওটি ২০২৪ সালের ৪ আগস্টের আগে থেকেই অনলাইনে রয়েছে।

সিদ্ধান্ত

গোপালগঞ্জে সাম্প্রতিক মিছিলের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর। ভিডিওটি সাম্প্রতিক ঘটনার নয়; বরং এটি ২০২৪ সাল থেকেই অনলাইনে রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com