হোম > ফ্যাক্টচেক > দেশ

প্রকাশ্যে কুপিয়ে হত্যার ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের

ফ্যাক্টচেক ডেস্ক

কুপিয়ে হত্যার দাবিতে প্রচারিত ভিডিও। ছবি: স্ক্রিনশট

সম্প্রতি এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

আলোচিত কয়েকটি পোস্ট রয়েছে এখানে, এখানে এবং এখানে

‘মায়াবী রাজকন্যা’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘হায়রে বাংলাদেশ কলা গাছের দাম থাকলেও মানুষের জীবনের কোন দাম নেই’ ক্যাপশনে আলোচিত ভিডিওটি পোস্ট করা হয়। প্রচারিত ভিডিওটি প্রায় ৩ লাখ ৬৮ হাজার বারের বেশি দেখা হয়েছে। এ ছাড়া পোস্টটিতে ১ হাজার ২০০ রিয়েকশন, ৩২ কমেন্ট ও ৬৫১ শেয়ার দেখা গেছে।

পোস্টের কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, অধিকাংশ ব্যবহারকারী ভিডিওটিকে বাংলাদেশের ঘটনা মনে করে তীব্র সমালোচনা ও উদ্বেগ প্রকাশ করেছেন। একজন ব্যবহারকারী কোরআনের উদ্ধৃতি দিয়ে জুলুমের বিরুদ্ধে কমেন্ট করেছেন, আবার আরেকজন লিখেছেন, ‘ফিরে দেখা ৪-৫ সাল’।

আজকের পত্রিকার অনুসন্ধান

প্রচারিত ভিডিওটির সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে দেশীয় কোনো গণমাধ্যমে আলোচিত দাবির সপক্ষে কোনো প্রতিবেদন বা তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া, ভিডিওটিতে কোনো তথ্যসূত্রের উল্লেখ নেই এবং ঘটনাটি কোথায় ও কখন ঘটেছে, সে সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি।

পরে ভিডিওটির কয়েকটি কি-ফ্রেম নিয়ে অনুসন্ধানে ‘Dhruva Singh’ নামের একটি ভারতীয় ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট পাওয়া যায়। চলতি বছরের ১২ আগস্ট শেয়ার করা ওই পোস্টের ছবিগুলোর সঙ্গে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে। পোস্টটিতে হিন্দি ভাষায় লেখা ক্যাপশনে, যাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা গোরখপুরের ত্রিপাঠীজিকে হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তির ‘এনকাউন্টার’ দাবি করার সমালোচনা করা হয়েছে।

পোস্টটিতে আরও বলা হয়, নিজেদের অন্যদের চেয়ে বিশেষ বা শ্রেষ্ঠ মনে করার মানসিকতা থেকেই সমাজে বৈষম্য তৈরি হয়। পাশাপাশি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রসঙ্গ টেনে গণতন্ত্রে কোনো ব্যক্তি বা রাজনৈতিক ক্ষমতা স্থায়ী নয় বলেও মন্তব্য করা হয়।

ফেসবুক পোস্ট। ছবি: স্ক্রিনশট

এই সূত্রধরে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’-তে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। গত ১২ আগস্ট প্রকাশিত ওই প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে ভাইরাল ভিডিওর একটি দৃশ্যের মিল রয়েছে। প্রতিবেদনে বলা হয়, ভারতের উত্তর প্রদেশ রাজ্যের গোরখপুরে এক ঠিকাদারকে প্রকাশ্যে তলোয়ার দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পরে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তির নাম অজিত ত্রিপাঠী। গত ৮ আগস্ট, উত্তর প্রদেশের গোরখপুরে শিবকুমার ত্রিপাঠী নামের এক ব্যক্তি একটি ব্রহ্মভোজ অনুষ্ঠানে হামলার শিকার হন। গুরুতর অবস্থায় গ্রামবাসী তাঁকে অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় অভিযুক্ত দুই হামলাকারী অটোরিকশাটির গতিরোধ করে। স্থানীয়দের বাধা সত্ত্বেও তাঁকে অটোরিকশা থেকে টেনে বের করে আবারও হামলা চালানো হয়। অভিযোগ অনুযায়ী, পুরোনো বিরোধের জেরে প্রতিশোধ নিতেই এই হত্যাকাণ্ড ঘটে। পুলিশ এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে।

কম্পেরিজন: আজকের পত্রিকা

সিদ্ধান্ত

বাংলাদেশে এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার দাবিতে প্রচারিত ভিডিওটি ভারতের। মূলত ভারতের উত্তর প্রদেশের একটি হত্যাকাণ্ডের ভিডিওকে বাংলাদেশের দাবিতে ছড়ানো হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com