গোপালগঞ্জে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের খাবার ও পানি সরবরাহ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দাবি করা হচ্ছে, বৃষ্টির মধ্যে আনসার সদস্যদের জন্য খিচুড়ি নিয়ে হাজির হয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। অপর ভিডিওটিতে দাবি করা হচ্ছে, শেখ হাসিনার নির্দেশে গোপালগঞ্জে অবস্থানরত বিজিবি সদস্যদের খাবার ও পানিসহ যাবতীয় জিনিসপত্র বিতরণ করছে আওয়ামী লীগ।
‘Abdul Hannan vlog’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ১৯ নভেম্বর আনসারদের খাবার দেওয়ার ভিডিওটি শেয়ার করা হয়। ২১ নভেম্বর সকাল ১১টা পর্যন্ত ভিডিওটি প্রায় ৯০ হাজার বারের বেশি দেখা হয়েছে, যাতে ৬ হাজার ৩০০-এর বেশি রিয়েকশন ও পাঁচ শতাধিক শেয়ার রয়েছে; এ ছাড়া অন্তত ২০টির বেশি প্রোফাইল ও অ্যাকাউন্ট থেকে তা ছড়ানো হয়। অন্যদিকে, ‘Joy Bangla’ নামের ফেসবুক পেজে বিজিবিকে পানি ও সহযোগিতা দেওয়ার ভিডিওটি প্রচার করা হয়। উভয় পোস্টের কমেন্টে অনেক ব্যবহারকারী দাবি দুটিকে সত্য বলে ধরে নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া জানান।
ছড়িয়ে পড়া ভিডিওটি পর্যবেক্ষণে দেখা যায়, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে দুই যুবক একটি টেবিল নিয়ে যাচ্ছেন। তাঁদের একজনকে ভিডিও ধারণ করতে দেখা যায়। আশপাশে আরও কয়েকজন যুবক ও আনসার সদস্য রয়েছেন। এ সময় এক যুবককে বলতে শোনা যায়, ‘আমাদের জন্য দোয়া করবেন।’
ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘গোপালগঞ্জে বৃষ্টিতে খিচুড়ি নিয়ে আনসারদের পাশে ছাত্রলীগ!’
প্রচারিত ৪৪ সেকেন্ডের ভিডিওর বর্ণনায় একজনকে বলতে শোনা যায়, ‘টুপটাপ বৃষ্টি, হাতে খিচুড়ির ডেগ, মুখে স্লোগান। বৃষ্টির মধ্যেই গোপালগঞ্জে আনসার সদস্যদের জন্য খাবার নিয়ে হাজির হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে তাঁরা আনসার সদস্যদের হাতে খিচুড়ি তুলে দেন। আর আনসার সদস্যরাও সেই খাবার গ্রহণ করেন। বৃষ্টির মধ্যে এই খাবার বিতরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে শুরু হয়েছে আলোচনা। রাজনৈতিক পরিচয় ও নানা বিতর্কের বাইরে দৃশ্যটি যেন তুলে ধরেছে মানুষের পাশে দাঁড়ানোর এক ভিন্ন মুহূর্ত। তবে ঘটনাটি ঘিরে রাজনৈতিক আলোচনা ও নানা প্রশ্ন সামনে আসছে।’
তবে ভিডিওটির দাবির বিষয়ে অনুসন্ধানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে ২০ নভেম্বর পোস্ট করা একটি প্রেস বিজ্ঞপ্তি পাওয়া যায়।
‘গোপালগঞ্জ জেলা কারাগারে আনসার সদস্যদের খাবার সরবরাহ নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার প্রকৃত ঘটনা’ শিরোনামের ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জ জেলা কারাগারের নিরাপত্তার দায়িত্বে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে আনসার ব্যাটালিয়নের সদস্যরাও কাজ করছেন। দায়িত্ব পালনরত সদস্যদের জন্য খাবার নিয়ে যাওয়ার সময় গোপালগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সিভিল স্টাফরা পথে বাধা ও প্রতিকূলতার মুখে পড়েন। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল দুর্বৃত্ত তাঁদের জিম্মি করে এবং ভয়ভীতি দেখিয়ে খাবার ছিনিয়ে নেয় বলে পোস্টে দাবি করা হয়।
আনসার বাহিনীর ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী সময়ে ছিনিয়ে নেওয়া খাবার বহনের ভিডিও ধারণ করে ঘটনাটিকে নিজেদের কর্মকাণ্ড হিসেবে প্রচার করা হয়। এর মাধ্যমে আনসার সদস্যদের খাবার সরবরাহের বিষয়টিকে রাজনৈতিকভাবে ভিন্ন আঙ্গিকে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।
‘বৃষ্টিতে খিচুড়ি নিয়ে আনসারদের পাশে ছাত্রলীগ’ শিরোনামে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত তথ্যকেও প্রকৃত ঘটনার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করেছে বাহিনীটি। তাদের দাবি, খাবার সরবরাহে যুক্ত কর্মীদের জিম্মি করে খাবার ছিনিয়ে নেওয়ার পর ভিডিও ধারণ করে রাজনৈতিক প্রচার চালানো হয়েছে। এ ধরনের প্রচারণাকে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলেও উল্লেখ করা হয়।
ভিডিও ২: বিজিবি সদস্যদের খাবার-পানি বিতরণের দাবি
‘Joy Bangla’ নামের একটি ফেসবুক পেজ থেকে দ্বিতীয় ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘শেখ হাসিনার নির্দেশে গোপালগঞ্জে অবস্থানরত বিজিবি সদস্যদের খাবার পানিসহ যাবতীয় জিনিসপত্র বিতরণ করছে আওয়ামী লীগ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’
ভিডিওতে একটি ভ্যানে করে কয়েকজনকে পানির কেস নিয়ে যেতে দেখা যায়। ভিডিওর ওপর লেখা রয়েছে, ‘শেখ হাসিনার নির্দেশে গোপালগঞ্জে অবস্থানরত বিজিবি সদস্যদের খাবার পানিসহ যাবতীয় জিনিসপত্র সরবরাহ করছে আওয়ামী লীগ।’
এ সময় একজনকে বলতে শোনা যায়, ‘আমরা গোপালগঞ্জবাসী যে অতিথি আপ্যায়নে সব সময় এগিয়ে, এটা তার একটা উদাহরণ। আমাদের বিজিবি ভাইয়েরা, যাঁরা গোপালগঞ্জের দায়িত্বে আছেন, তাঁরা বলতলীতে অবস্থান করছেন। কেউ কোনো প্রকার গুজব ছড়াবেন না। অত্যন্ত শান্তি-শৃঙ্খলভাবে তাঁদের সঙ্গে আমাদের কথা হয়েছে। এবং তাঁদেরকে আপার নির্দেশে, সেলিম ভাই, ব্যারিস্টার নাইম ভাইয়ের নির্দেশে খাবার-পানিসহ যাবতীয় সহযোগিতা করতেছি।’
দাবিটির বিষয়ে অনুসন্ধানে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভেরিফায়েড ফেসবুক পেজে গত ২০ নভেম্বর শেয়ার করা একটি প্রেস বিজ্ঞপ্তি পাওয়া যায়। সেখানে ‘শেখ হাসিনার নির্দেশে গোপালগঞ্জে অবস্থানরত বিজিবি সদস্যদের খাবার পানিসহ যাবতীয় জিনিসপত্র সরবরাহ করছে আওয়ামী লীগ’ শিরোনামে প্রচারিত তথ্যকে সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপালগঞ্জে দায়িত্ব পালনরত সদস্যদের প্রয়োজনীয় রসদ ও খাবার সামগ্রী সরবরাহকারীর মাধ্যমে নগদ অর্থে কেনা হয়। স্থানীয় দোকান থেকে বিজিবির নিজস্ব অর্থায়নে পানি কেনা হয়েছিল। দোকানদার তাৎক্ষণিকভাবে ভ্যানযোগে বিজিবি সদস্যদের কাছে পানি পৌঁছে দেন। এটি বাহিনীর নিজস্ব অর্থায়নে পরিচালিত স্বাভাবিক ক্রয় ও সরবরাহ কার্যক্রম। এর সঙ্গে আওয়ামী লীগ কিংবা অন্য কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তির সম্পৃক্ততা নেই।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের রসদ ও প্রয়োজনীয় সামগ্রী বাহিনীর নিজস্ব ব্যবস্থাপনা ও অর্থায়নে সংগ্রহ করা হয়। কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির নির্দেশনা কিংবা অনুদানের মাধ্যমে এসব সামগ্রী সরবরাহ করা হয় না। নিজস্ব অর্থায়নে কেনা পানিকে রাজনৈতিক সহায়তা হিসেবে প্রচার করাকে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং বাহিনীর নিরপেক্ষতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা বলে উল্লেখ করেছে বিজিবি।
উল্লেখ্য, ২০২৬ সালের ১৫ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের কর্মসূচিকে কেন্দ্র করে কয়েক দফায় সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগেরঘটনা ঘটে। ১৫ নভেম্বর দেশীয় অস্ত্র নিয়ে মিছিলের সময় গোপালগঞ্জ শহরে জুলাই স্মৃতিস্তম্ভ, পুলিশ বক্স, পুলিশের সাঁজোয়া যান (এপিসি) এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভাঙচুর করা হয়। একই দিন গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি, কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা এবং অগ্নিসংযোগের খবর প্রকাশিত হয়।
এরপর ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় থানা থেকে গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়া এবং অস্ত্র লুটের খবরও প্রকাশিত হয়। একই রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর পৈতৃক বাড়ি এবং তাঁর স্বজনদের কয়েকটি বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। ১৮ নভেম্বরও জেলার বিভিন্ন স্থানে সহিংসতার খবর পাওয়া যায়। গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের বাড়ি ও তাঁর মালিকানাধীন হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কাশিয়ানীতে বিএনপির অস্থায়ী কার্যালয় ও গ্রামীণ ব্যাংকের একটি শাখায়ও হামলা ও অগ্নিসংযোগের খবর প্রকাশিত হয়। এ ছাড়া মুকসুদপুর থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা নিয়েও প্রতিবেদন পাওয়া যায়।
গোপালগঞ্জে বৃষ্টির মধ্যে ছাত্রলীগের নেতা-কর্মীরা আনসার সদস্যদের জন্য খিচুড়ি নিয়ে গেছেন এবং আওয়ামী লীগের নির্দেশে বিজিবি সদস্যদের খাবার-পানি সরবরাহ করা হয়েছে—এমন দাবিতে ছড়িয়ে পড়া তথ্য ও ভিডিওগুলো বিভ্রান্তিকর। আনসার ও ভিডিপির তথ্য অনুযায়ী, দায়িত্বরত সদস্যদের খাবার ছিনিয়ে নিয়ে সেটির ভিডিও ধারণ করে রাজনৈতিক অপপ্রচার চালানো হয়েছে। অন্যদিকে, বিজিবির তথ্য অনুযায়ী, নিজস্ব অর্থায়নে কেনা পানি সরবরাহের স্বাভাবিক কার্যক্রমকে রাজনৈতিক সহায়তা বলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।