‘জাইমা রহমানের সাথে রাজনৈতিক জীবন শুরু করতে চাই’ নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারার উদ্ধৃতি দাবিতে এমন ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
‘Shariful Mustafa Munir’ নামের ফেসবুক পেইজে গত ১৪ আগস্ট রাত ৮টায় একটি ফটোকার্ড শেয়ার করা হয়।
ওই পোস্টের ক্যাপশনে বলা হয় (লেখা ও বানান অপরিবর্তিত), ‘গেল জাতীয় সংসদ নির্বাচনে আমি নিজেও জারার একজন সমর্থক ছিলাম। সময়ের সাথে মানুষের আচরণ ভালোলাগা-মন্দলাগা পছন্দ-অপছন্দ এবং পরিপ্রেক্ষিত পাল্টাবে- সেটাই স্বাভাবিক আর প্রাকৃতিক।
তাসনিম জারা তরুন প্রজন্মের নিকট একটা সময় অনন্য ছিলেন। তবে এই ফটোকার্ড দেখে যারা তাকে অপরচুনিস্ট ভাববেন তারাও হয়ত ভুল নন। আলোকিত জারা উজ্জ্বলতর আলো তালাশে উন্মুখ। এটা ঠিক খ্যাতি যশ আর ক্ষমতা লিপ্সা কি না- এখনই স্পষ্ট করে বলা যাবে না। দেখতে আরও, অপেক্ষা করতে হবে, মেয়েটি কি অতিমাত্রায় এমবিশাস কি না, বুদ্ধি আছে, খরচ করে রাতারাতি বড় হতে চান কি না।
ঢাকা লন্ডন পড়া মেধাবী জারা জাইমা রহমানের সঙ্গ বেছে নিতে চাইছেন। জাইমা রহমানের অভিজাত একটা রাজনৈতিক পরিচয় রয়েছে। তা়ছাড়া তিনিও লন্ডনে পড়াশুনা করা একজন ব্যারিস্টার শিক্ষিত মার্জিত আপাত নিরহংকার মানুষ। দাদা দেশের একজন জনপ্রিয় প্রেসিডেন্ট ছিলেন, দাদি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত জনপ্রিয় প্রধানমন্ত্রী ছিলেন, বাবা চলমান প্রধানমন্ত্রী।
তাসনিম জারা সেই জাইমা রহমানের সাথে রাজনৈতিক পথ চলতে সঙ্গী হতে চাইছেন। নির্লোভ হতে পারলে, মানুষকে ভালোবাসতে পারলে হয়তো যেতে পারবেন অনেক দূর। জাইমার সাপোরট জারার অনেকটাই কাজে লাগবে, হয় আপন ভাগ্য আরো মজবুত করতে অথবা দেশ প্রেমিক হিসেবে নিজেকে প্রমাণ করতে! ভালোর প্রত্যাশায় শুভকামনা।’
আলোচিত দাবিতে ছড়িয়ে পড়া কার্ডটিতে আজ ১৮ আগস্ট বিকেল ৪টা ৩৯ মিনিট পর্যন্ত প্রায় ১৮ হাজার রিয়েকশন রয়েছে। এ ছড়া পোস্টটিতে ৭৯৪ কমেন্ট ও ৪৩১ শেয়ার রয়েছে।
পোস্টের কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, অধিকাংশ ব্যবহারকারী দাবিটিকে সত্য মনে করেছেন।
পোস্টের কমেন্টে একজন বলেন, ‘তাসনিম জারা’কে, অনেক অনেক মেধাবী, স্মার্ট মনেকরি! কিন্তু, আমার মনেহয়, জারা, চিকিৎসক হিসেবে, অনেক ভাল করবেন। এনসিপি’র রাজনীতিতে, না জড়ানোর জন্য বলেছিলাম বার বার। শেষমেশ, এনসিপি থেকে, জারা মুখ ফিরিয়ে নিয়ে ভাল করেছে। জারা’র ভবিষ্যৎ উজ্জ্বল ! ইনশাল্লাহ্ ! ব্যারিস্টার জাইমা রহমান, অনেক অনেক বড় হবে। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি ! আমিন।’ (লেখা ও বানান অপরিবর্তিত)
অপর একজন বলেন, ‘চিকিৎসা আর রাজনীতি এক না। চিকিৎসক হিসেবে সফলতা কামনা করি। রাজনীতি তে তাকে সবাই ডাষ্টবিনের মতো ব্যাবহার করেছে এমনকি ড.ইউনুস ও। মেয়েটির মাথার উপর একটা ছাতা থাকলে হয়তোবা তাসনিম জারা এদেশে কিছু করার চেষ্টা করতো।’ (লেখা ও বানান অপরিবর্তিত)
আরেকজন আবার বলেন, ‘সুস্বাগত। সময়োপযোগী সিদ্ধান্ত। রাজনীতিতে ক্লীন ইমেজ, শিক্ষিত,পরিশীলিত লোকের দরকার আছে।’ (লেখা ও বানান অপরিবর্তিত)
তাসনিম জারা ও জাইমা রহমান ছবি সংবলিত প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণে কোনো সোর্সের উল্লেখ পাওয়া যায়নি। এ ছাড়া ফটোকার্ডটির নিচের অংশে একটি বাণিজ্যিক অফারের বিভ্রান্তিকর ও অসংলগ্ন লেখা দেখা যায়।
দাবিটির সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট কি-ওয়ার্ড নিয়ে অনুসন্ধান করা হলে জাতীয় কোনো গণমাধ্যমে তাসনিম জারার এমন মন্তব্যের প্রমাণ মেলেনি।
পরে ডা.তাসনিম জারা ও ব্যারিস্টার জাইমা রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজেও আলোচিত দাবিটিকে সমর্থন করে এমন কোনো পোস্ট পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে ‘Lalmaiya Tv’ নামের একটি ফেসবুক পেজে গত ১৩ আগস্ট প্রকাশিত একটি ফটোকার্ড পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত কার্ডটির হুবহু মিল রয়েছে। পেজটি পর্যবেক্ষণে জানা যায়, এটি একটি ব্যঙ্গাত্মক বা ‘স্যাটায়ার’ পেজ। এ ছাড়া পেজটির বায়োতে স্পষ্ট লেখা রয়েছে—‘পেজটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, দয়া করে কোন পোস্ট সিরিয়াসলি নিবেন না।’ এ ছাড়া, পর্যবেক্ষণে পেজটিতে নিয়মিতভাবে মনগড়া ও বানোয়াট পোস্টের নজির পাওয়া (১, ২) যায়।
ব্যারিষ্টার জাইমা রহমানের সঙ্গে রাজনৈতিক জীবন শুরু করতে চাওয়ার বিষয়ে ডা. তাসনিম জারার নামে প্রচারিত ফটোকার্ডটি বানোয়াট।