হোম > ফ্যাক্টচেক > দেশ

শ্রমিক অসন্তোষ নিয়ে দেবপ্রিয় ভট্টাচার্যের নামে ভুয়া বক্তব্য প্রচার

ফ্যাক্টচেক ডেস্ক

দেবপ্রিয় ভট্টাচার্যের নামে প্রচারিত ফটোকার্ড। ছবি: স্ক্রিনশট

সম্প্রতি পোশাকশ্রমিকদের বিভিন্ন দাবিকে কেন্দ্র করে চলমান আন্দোলনের মধ্যে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নামে একটি ফটোকার্ডসামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটিতে দাবি করা হয়েছে, ‘কয়েকটা গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হলে অর্থনীতির কিছুই যায়-আসে না, কিন্তু ড. ইউনূসের প্রতিষ্ঠানের যদি ক্ষতি হয়, তাহলে বাংলাদেশের অর্থনীতির বিরাট ক্ষতি হয়ে যাবে।’

ফটোকার্ডটি শেয়ার করে ‘Khondokar Joy’ নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্টদেওয়া হয়। ওই পোস্টের ক্যাপশনে ইংরেজিতে দেবপ্রিয় ভট্টাচার্যকে উদ্দেশ করে লেখা হয়, ‘তিনি একজন মিথ্যাবাদী অর্থনীতিবিদ। তাঁর মতো তথাকথিত বুদ্ধিজীবী ও অর্থনীতিবিদদের কারণেই বাংলাদেশ ধ্বংস হয়েছে।’

পোস্টে আরও দাবি করা হয়, ‘শেখ হাসিনার সরকারের আমলে ৫০০ বিলিয়ন টাকা বিদেশে পাচারের দাবি করে তিনি মিথ্যা বলেছেন।’ একই সঙ্গে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংকের সমালোচনা করে বলা হয়, ‘গ্রামীণ ব্যাংক দরিদ্র মানুষের অর্থে প্রতিষ্ঠিত হয়েছে এবং এর মাধ্যমে বাংলাদেশের প্রকৃত কোনো উন্নয়ন হয়নি। ইউনূস আমেরিকার “ডিপ স্টেট”-এর এজেন্ট হিসেবে কাজ করার কারণেই নোবেল পুরস্কার পেয়েছেন।’

এ ছাড়া শেখ হাসিনাকে সরিয়ে দেশের কোনো লাভ হয়নি, বরং আরও ক্ষতি হয়েছে বলে মন্তব্য করা হয়। পোস্টের শেষে ‘জয় বাংলা’ লেখা হয়।

ফটোকার্ডটি শেয়ার করা পোস্টে এক হাজারের বেশি রিয়েকশন ও কয়েক শ শেয়ার রয়েছে।

আজকের পত্রিকার অনুসন্ধান

ফটোকার্ডটিতে দেবপ্রিয় ভট্টাচার্যের ছবি ব্যবহার করে আলোচিত বক্তব্যটি প্রচার করা হয়েছে। তবে তিনি কবে, কোথায় এমন বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে ফটোকার্ডটিতে কোনো তথ্য উল্লেখ নেই। এ ছাড়া তাঁর নামে প্রচারিত বক্তব্যটির সমর্থনে জাতীয় কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রেও তথ্য পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে ‘মোল্লার দেশ’ নামের একটি ফেসবুক পেজে একই ফটোকার্ডপাওয়া যায়। গত ২০ নভেম্বর বেলা ১১টা ৫৬ মিনিটে পেজটি থেকে ফটোকার্ডটি শেয়ার করা হয়। এতে কয়েক হাজার রিয়েকশন ও কমেন্ট রয়েছে। পোস্টটিতে কয়েক হাজার রিয়েকশন ও কমেন্ট বিশ্লেষণে দেখা যায়, অধিকাংশ ব্যবহারকারী ফটোকার্ডটিকে সত্য মনে করেছেন।

আজকের পত্রিকার তুলনাচিত্র।

‘মোল্লার দেশ’ পেজটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি একটি ‘স্যাটায়ার’ বা ব্যাঙ্গাত্মক পেজ। পেজটিতে বাস্তবতা বা তথ্যপ্রমাণের তোয়াক্কা না করে নিয়মিত কাল্পনিক ও ব্যঙ্গাত্মক ফটোকার্ড তৈরি করে শেয়ার করা হয়। সেই স্যাটায়ার পেজের বানানো ফটোকার্ডকেই অনেকে সত্য মনে করে নিজেদের প্রোফাইলে শেয়ার ও কমেন্ট করছেন।

সিদ্ধান্ত

পোশাক কারখানা বন্ধ হলে অর্থনীতির ক্ষতি হবে না, কিন্তু ড. ইউনূসের প্রতিষ্ঠানের ক্ষতি হলে বড় ক্ষতি হবে—অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য এমন কোনো মন্তব্য করেছেন বলে যে দাবি ছড়ানো হচ্ছে, তা ভিত্তিহীন। মূলত একটি স্যাটায়ার পেজের তৈরি কাল্পনিক ফটোকার্ডকে সত্য দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com