‘এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা’—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
‘Cumilla24 tv’ নামের একটি ফেসবুক পেজে গত ১০ আগস্ট আলোচিত দাবিতে একটি ভিডিও শেয়ার করা হয়। শেয়ার করা ভিডিওটি অনলাইনে ১ লাখ ১২ হাজারের বেশি বার দেখা হয়েছে। এ ছাড়া পোস্টটিতে ৩ হাজার ৬০০ রিয়েকশন, ৫৯৫ কমেন্ট ও ৬৩ শেয়ার হয়।
প্রচারিত পোস্টের কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, অধিকাংশ ব্যবহারকারী দাবিটিকে সত্য মনে করেছেন। পোস্টের কমেন্টে একজন লেখেন, ‘এভাবে চিৎকার দিয়ে যদি পড়াশোনা করতে, তাহলে ফেল করতে না...।’ আরেকজন বলেন, ‘পড়াশোনার নাম নাই, এখন আসছে আন্দোলন করতে।’ অপর একজন লেখেন, ‘আহারে, সবডি কি ফেইল করছে?’
১০ আগষ্ট প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা গত বছরের তুলনায় কমেছে। সব মিলিয়ে এবার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ, যা গত বছরের চেয়ে ৬ দশমিক ২ শতাংশ কম। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে ২২ হাজার ৩৫৬ জন। পরীক্ষা ফল প্রকাশের পরপরই উক্ত দাবিটি ছড়িয়ে ( ১ , ২ , ৩ ) পড়তে শুরু করে।
প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণে স্কুলের পোশাক পরিহিত শিক্ষার্থীদের ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘এক দুই তিন চার, শিক্ষামন্ত্রী গদি ছাড়’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
অনুসন্ধানে ‘শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা’ শিরোনামে খবরের সন্ধান পাওয়া গেলেও এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের রাজপথে নেমে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনের এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে ভিডিওটির কয়েকটি কি-ফ্রেম নিয়ে অনুসন্ধানে চলতি বছরের ১৫ জুলাই জাতীয় দৈনিক ‘আজকের পত্রিকা’-র অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করা একটি লাইভ ভিডিও পাওয়া যায়। ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লং মার্চ’ ক্যাপশনে প্রচারিত ওই ভিডিওর দৃশ্যের সঙ্গে আলোচিত দাবিতে ছড়ানো ভিডিওটির মিল পাওয়া যায়।
এ ছাড়া মূলধারার গণমাধ্যমে প্রকাশিত ওই সময়ের প্রতিবেদন ( ১ , ২ , ৩ ) থেকে জানা যায়, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের নিয়ে ‘বিরূপ’ মন্তব্য করার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে সে সময়ে এইচএসসি পরীক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচী পালন করে। সেই সময় ঢাকা, চট্টগ্রাম, বরিশালসহ বিভিন্ন জেলায় মহাসড়ক অবরোধ ও শিক্ষা বোর্ড ঘেরাওয়ের ঘটনা ঘটে।
এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজপথে শিক্ষার্থীদের আন্দোলনের দাবিটি বিভ্রান্তিকর। মূলত, এইচএসসি পরীক্ষা স্থগিত ও পুনরায় নেওয়ার দাবিতে জুলাই মাসে এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের পুরোনো ভিডিওকে গতকাল এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর ‘ফেল করা শিক্ষার্থীদের আন্দোলন’ বলে অপপ্রচার চালানো হচ্ছে।