রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় এনসিপি (জাতীয় নাগরিক কমিটি) নেত্রীকে মারধর ও অত্যাচার করেছে বিএনপি নেতা—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
আলোচিত দাবিতে ভিডিওটি একাধিক ফেসবুক অ্যাকাউন্ট ও পেজে শেয়ার করা হয়। ছড়িয়ে পড়া পোস্টগুলোর কমেন্ট পর্যালোচনা করে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। পোস্টে একজন কমেন্ট করেন, ‘খুব মজা লাগতাছে’, অন্য একজন লিখেছেন, ‘চলিতেছে সার্কাস’। তবে ভিডিওটির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করে একজন আবার বলেন, ‘এটা ইন্ডিয়ার ঘটনা’।
প্রচারিত ১৫ সেকেন্ডের ভিডিওটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, সাদা শার্ট পরিহিত এক ব্যক্তি একাধিক নারীর ওপর চড়াও হয়ে তাঁদের শারীরিকভাবে আঘাত করছেন। তবে ভিডিওটির অডিও অস্পষ্ট থাকায় কথোপকথন স্পষ্ট বোঝা যায় না।
ঘটনাটির সত্যতা যাচাইয়ে রাজধানীর রামপুরা থানাধীন দক্ষিণ বনশ্রী এলাকায় সম্প্রতি এমন কোনো ঘটনা ঘটেছে কি না জানতে অনুসন্ধান করা হলে দেশীয় কোনো গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্রে এর অস্তিত্ব মেলেনি।
ভিডিওটির প্রকৃত উৎস অনুসন্ধানে কয়েকটি কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হয়। অনুসন্ধানে ‘ℝ𝕒𝕛 𝕄𝕒𝕛𝕚’ নামের একটি এক্স অ্যাকাউন্টে হুবহু একই ভিডিও পাওয়া যায়। পোস্টটির ক্যাপশন সূত্রে জানা যায়, ঘটনাটি ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাসিক শহরের শিবাজীনগর এলাকার।
বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে ‘Nashik News’ নামের একটি ইউটিউব চ্যানেলে চলতি বছরের ২৭ মার্চ প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। একই ভিডিও সংবলিত ওই প্রতিবেদন থেকে জানা যায়, মহারাষ্ট্রের নাসিকের শিবাজীনগর এলাকায় চাকরির প্রলোভন দেখিয়ে ৩২ বছর বয়সী এক নারীর কাছ থেকে অর্থ নেওয়া হয়। পরবর্তীতে প্রতিশ্রুত চাকরি না পেয়ে ওই নারী টাকা ফেরত চাইলে অভিযুক্ত ব্যক্তি তাঁর ওপর চড়াও হন এবং মারধর করেন। ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ার পর স্থানীয় প্রশাসন অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত ও আইনি ব্যবস্থা নেয়।
এ ছাড়া একাধিক (১, ২, ) ভারতীয় গণমাধ্যম ও গুগল ম্যাপের লোকেশন বিশ্লেষণেও নিশ্চিত হওয়া যায়, ঘটনাটি ভারতের মহারাষ্ট্রের নাসিক এলাকার।
দক্ষিণ বনশ্রীতে এনসিপি নেত্রীকে বিএনপি নেতা কর্তৃক মারধরের দাবিটি ভিত্তিহীন। মূলত ভারতের মহারাষ্ট্রের নাসিক শহরে চাকরি দেওয়ার নামে প্রতারণা ও অর্থ লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে ঘটা এক মারধরের ভিডিওকে বাংলাদেশের ঘটনা দাবি করে ছড়ানো হচ্ছে।