হোম > ফ্যাক্টচেক > দেশ

মহাখালী-মিরসরাইয়ের আগুনের ভিডিও ও এআই ছবি নড়াইলের ঘটনা বলে প্রচার

ফ্যাক্টচেক ডেস্ক

নড়াইলে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে অগ্নিসংযোগের দাবিতে ছড়ানো ছবি ও ভিডিও। ছবি: স্ক্রিনশট

নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার জেরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তিসহ কয়েকজন নেতা-কর্মীর বাড়িঘর ও দোকানপাটে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগউঠেছে। ফায়ার সার্ভিসেরহিসাবে, এ ঘটনায় ২০ থেকে ৩০টি বাড়িতে আগুন দেওয়া হয়েছে। ঘটনার পরপরই নড়াইলের ‘ক্ষতিগ্রস্ত মানুষের আহাজারি’, ‘নড়াইল ট্র্যাজেডি’, ‘শত শত হিন্দু বাড়িতে আগুন’ দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিও ও ছবি ছড়িয়ে পড়েছে। এসবের মধ্যে তিনটি দৃশ্যের সত্যতা যাচাই করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক টিম।

দাবি ১: নড়াইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের আহাজারির ভিডিও

নড়াইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের আহাজারির দৃশ্য দাবিতে একটি ভিডিওসামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রচারিত ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, ‘নড়াইল_ট্রাজেডি শুধু জীবনটা নিয়ে বের হইতে পেরেছে তারা আর কিছু বের করতে পারেনি আগুনে সব পুড়ে গেছে। আর এদিকে পুলিশের আইজি বলছে এসব এআই দিয়ে এডিট করা।’ (লেখা ও বানান অপরিবর্তিত)

ভিডিওতে স্কুলের পোশাক পরা এক মেয়েকে কান্নাজড়িত কণ্ঠে বলতে শোনা যায়, এক দিন পর তার পরীক্ষা, কিন্তু আগুনে বই-খাতা সব পুড়ে গেছে। এ সময় কোলে শিশু নিয়ে পাশে দাঁড়িয়ে থাকা এক নারী জানান, মেয়ের কোনো কাপড়চোপড়ই বের করতে পারেননি। পরার মতো কোনো জামাকাপড়ও নেই। এরপর কালো পোশাক পরা আরও এক মেয়েকে বলতে শোনা যায়, ঘর থেকে কোনো কিছুই বের করা যায়নি। আগুনে সব পুড়ে গেছে।

ভিডিওতে তাঁদের বক্তব্যের সময় ‘Daily Sun’ লেখা একটি বুম দেখা যায়। এ সূত্র ধরে অনুসন্ধানে ডেইলি সানের ফেসবুক পেজে ‘কাল ফাইনাল পরীক্ষা, আজ সব পুড়ে ছাই’ ক্যাপশনে একটি ভিডিওপাওয়া যায়। গত বুধবার (১৮ নভেম্বর) শেয়ার করা ওই ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওটির হুবহু মিল রয়েছে।

এ ছাড়া ‘সব পুড়ে ছাই হয়ে গেছে’: মহাখালীর সাততলা বস্তিতে আগুন’ শিরোনামেওএকই ঘটনার ভিডিও পাওয়া যায়।

বিষয়টি নিয়ে অনুসন্ধানে ‘মহাখালীর সাততলা বস্তির আগুন দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে’ শিরোনামেবিডিনিউজ টোয়েন্টিফোরের একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে বড় ধরনের অগ্নিকাণ্ডে বেশ কিছু ঘর পুড়ে যায়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা তালহা বিন জসিমের বরাতে প্রতিবেদনে বলা হয়, ১৮ নভেম্বর সকাল ৯টা ৪০ মিনিটে বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বেলা ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি। অর্থাৎ, নড়াইলের দাবিতে প্রচারিত ভিডিওটি মূলত রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনার।

আজকের পত্রিকার তুলনাচিত্র।

দাবি ২: নড়াইলে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে অগ্নিসংযোগের দাবিতে প্রচারিত ভিডিও

১৯৭১ সালের ২৫ মার্চের ঘটনার সঙ্গে তুলনা করে নড়াইলে সনাতন ধর্মাবলম্বীদের পরিবারগুলোর বাড়িঘরে আগুন দেওয়া ও তাঁদের পালিয়ে যাওয়ার দৃশ্য দাবিতে আরও একটি ভিডিওছড়িয়ে পড়েছে।

ভিডিওটির সঙ্গে যুক্ত ইংরেজি ক্যাপশনে বলা হয়েছে, ‘নড়াইল জ্বলছে, অথচ বিশ্ব নীরব। গতকাল রাতে নড়াইলে ১৯৭১ সালের ২৫ মার্চের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। বাড়িঘরে আগুন জ্বলছে, মা-বোনদের আর্তচিৎকার শোনা যাচ্ছে এবং শুধু হিন্দু হওয়ার কারণে পরিবারগুলোকে বাড়িঘর ছেড়ে পালাতে হচ্ছে।’ পোস্টে এ ঘটনাকে মানবতার লড়াই উল্লেখ করে #SaveBangladeshiHindus হ্যাশট্যাগে প্রতিবাদ জানানোর আহ্বান জানানো হয়।

প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণে দেখা যায়, আগুনে পুড়ে যাওয়া একটি স্থানের সামনে উৎসুক মানুষের ভিড়। এ সময় ধোঁয়ায় আচ্ছন্ন ওই স্থানে ফায়ার সার্ভিসের সদস্যদেরও কাজ করতে দেখা যায়।

ভিডিওটির সূত্র ধরে অনুসন্ধানে ‘বাড়ি পুড়ে যাওয়ার পরে আসলো ফায়ার সার্ভিস,,, গাড়ির মধ্যেও ছিলো পানি পুকুর থেকে লাইন নিয়ে পানি দিতেছে’ ক্যাপশনে‘Sobuj Officially’ নামের ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও পাওয়া যায়। চলতি বছরের ৮ সেপ্টেম্বর প্রকাশিত ওই ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

এ ছাড়া ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেলে ‘চট্টগ্রামের মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণে ৪ বসতঘর পুড়ে ছাই’ শিরোনামেশেয়ার করা একটি ভিডিও প্রতিবেদনেও আলোচিত ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায়।

সংশ্লিষ্ট কি-ওয়ার্ড ধরে অনুসন্ধানে সময়ের আলোতেও এ বিষয়ে একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রামের মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসর থেকে আগুনের সূত্রপাত হয়ে চারটি বসতঘর পুড়ে যায়। এতে চার পরিবারের আসবাবপত্র, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্তদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রতিবেদনঅনুযায়ী, গত ৬ সেপ্টেম্বর (রোববার) বিকেল ৪টার দিকে মিরসরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর আমবাড়িয়া গ্রামের আব্দুস সালামের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, ওই বাড়ির বাসিন্দা জয়নাল উদ্দিনের ঘরে থাকা একটি ফ্রিজের কম্প্রেসর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও তিনটি বসতঘরে। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অর্থাৎ, নড়াইলের দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটি মূলত চট্টগ্রামের মিরসরাইয়ে চারটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনার।

আজকের পত্রিকার তুলনাচিত্র।

দাবি ৩: শত শত হিন্দু বাড়িতে আগুন দেওয়ার দাবিতে ছড়ানো ছবি

নড়াইলে বিএনপি ও জামায়াতের লোকজন শত শত সনাতন ধর্মাবলম্বীদের পরিবারের বাড়িঘরে আগুন ধরিয়ে দিয়েছে—এমন দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া ছবিটির সঙ্গে যুক্ত পোস্টে বলা হচ্ছে, বাংলাদেশের নড়াইল জেলায় ক্ষমতাসীন দল বিএনপি ও জামায়াতের লোকজন শত শত হিন্দু পরিবারের বাড়িঘরে আগুন ধরিয়ে দিয়েছে। এই বর্বরদের কবল থেকে দেশ কবে মুক্তি পাবে এবং বিশ্ব আর কত দিন নীরব থাকবে—এমন প্রশ্নও তোলা হয়।

ছবিতে লাল রঙের ব্লাউজ ও সাদা-লাল শাড়ি পরা এক নারীকে মাটিতে কান্নারত অবস্থায় দেখা যায়। তাঁর পেছনে কয়েকটি ঘরে আগুন ও চারপাশে কালো ধোঁয়া দেখা যায়।

প্রচারিত দাবির বিষয়ে অনুসন্ধানে ‘নড়াইলের বেন্দারচরে হিন্দু বসতিই নাই, বাড়ি ভাঙচুরের খবর মিথ্যা: পুলিশ’ শিরোনামে যমুনা টিভির একটি প্রতিবেদন পাওয়া যায়।

ওই প্রতিবেদনে বলা হয়, নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের খবর সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছেন নড়াইলের পুলিশ সুপার আল মামুন শিকদার। গতকাল শনিবার (২১ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটছে বলে প্রচার করা হচ্ছে। তবে সেখানে কোনো হিন্দু বসতি নেই। এ ছাড়া কোনো হিন্দু পরিবারের সদস্য কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেনি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে বেন্দারচর স্লুইসগেট-সংলগ্ন বটতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় বিএনপির দুই নেতা শাহীন শেখ ও সোহেল মোল্যা নিহত হন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই হত্যাকাণ্ডের জেরে গতকাল বিকেল ৪টা ৪৫ মিনিটে নিহত ব্যক্তিদের আত্মীয়স্বজন ও উত্তেজিত লোকজন বেন্দারচর গ্রামে একত্র হয়ে ঘটনার সঙ্গে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীর বাড়িতে হামলা চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ ছাড়া বিভিন্ন (১,

২, ৩) গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনেও নড়াইলে বাড়িঘরে অগ্নিসংযোগের খবর পাওয়া যায়। তবে এসব প্রতিবেদনে বেন্দারচর এলাকাসংশ্লিষ্ট সনাতন ধর্মাবলম্বীদের পরিবারের বাড়িঘরে অগ্নিসংযোগের কোনো তথ্য পাওয়া যায়নি।

এ ছাড়া, একাধিক এআই কনটেন্ট শনাক্তকরণ টুলের বিশ্লেষণেও ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ বলে ইঙ্গিত পাওয়া যায়।

আজকের পত্রিকার তুলনাচিত্র।

সিদ্ধান্ত

নড়াইলের কালিয়ায় অগ্নিকাণ্ড ও সনাতন ধর্মাবলম্বীদের ওপর সাম্প্রদায়িক হামলার দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবি ও ভিডিওগুলো বিভ্রান্তিকর। ঢাকার মহাখালীর সাততলা বস্তি ও চট্টগ্রামের মিরসরাইয়ের পুরোনো অগ্নিকাণ্ডের ভিডিওর পাশাপাশি এআই দিয়ে তৈরি ছবি ব্যবহার করে নড়াইলের ঘটনার নামে ছড়ানো হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com