হোম > ফ্যাক্টচেক > দেশ

‘বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা’ দাবিতে ছড়ানো হলো আসামের ভিডিও

ফ্যাক্টচেক ডেস্ক

জমি দখলের উদ্দেশ্যে বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার দাবিতে ছড়ানো ভিডিও। ছবি: স্ক্রিনশট

জমি দখলের উদ্দেশ্যে বাংলাদেশের ইসলামপন্থীরা হিন্দুদের ওপর হামলা চালিয়েছে—এমন একটি দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

‘Vikas Pokhariyal’ নামের এক্স অ্যাকাউন্ট থেকে আলোচিত দাবিতে ভিডিওটি শেয়ার করা হয়। শেয়ার করা ওই ভিডিওটি ১ লাখ ৭ হাজারেরও বেশি বার দেখা হয়েছে। এ ছাড়া পোস্টটিতে ৩ হাজার ৮০০ রিয়েকশন, ১০৫টি কমেন্ট ও ২ হাজার ২০০ রিপোস্ট রয়েছে।

পোস্টের কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, নেটিজেনদের অনেকে দাবিটিকে সত্য ভেবে নানা ধরনের মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী লেখেন, ‘মানবাধিকার সংস্থাগুলো কী করছে? ভারতের উচিত এ বিষয়টি ওই দেশের সঙ্গে আনুষ্ঠানিকভাবে উত্থাপন করা।’ অপর একজন বলেন, ‘বাংলাদেশের হিন্দুদের অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। আপনাদের নিজেদেরই নিজেদের রক্ষা করতে হবে।’ অন্য আরেকজন ব্যবহারকারী অবশ্য প্রশ্ন তুলে বলেন, ‘ভারত ও নেপালেও মুসলিমদের সঙ্গে একই ঘটনা ঘটেছে... মানুষকে বোকা বানানোর চেষ্টা করবেন না।’

আজকের পত্রিকার অনুসন্ধান

প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, সেখানে নির্মাণাধীন ঘরের দেয়াল ও পিলার ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এ ছাড়া লাঠি দিয়ে এক নারীকে আঘাতের দৃশ্য এবং এক নারীর কান্নার শব্দ শোনা যায়। তবে হিন্দুদের ওপর হামলার দাবি করা হলেও ভিডিওতে এক নারীকে বারবার ‘আল্লাহ’ বলে ডাকতে শোনা যায়। এ ছাড়া ভিডিওটিতে বাংলাদেশের নির্দিষ্ট কোনো স্থানের নাম বা তথ্যের উল্লেখ নেই।

প্রথমেই সংশ্লিষ্ট কি-ওয়ার্ড নিয়ে অনুসন্ধানে জাতীয় কোনো গণমাধ্যমে এ ধরনের ঘটনার প্রতিবেদন পাওয়া যায়নি। পরে ভিডিওর কয়েকটি কি-ফ্রেম আলাদা করে অনুসন্ধানে ‘Republic NE’ নামের একটি ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ৩০ জুলাই শেয়ার করা একই ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভারতীয় ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পোস্ট। ছবি: স্ক্রিনশট

অহমীয়া ভাষায় শেয়ার করা ভারতীয় অ্যাকাউন্টগুলোর ক্যাপশন থেকে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে আসাম রাজ্যের কোকরাঝাড় জেলার গোসাইগাঁও এলাকার ভাওরাগুড়ির উচাতারি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক নারী ও এক বৃদ্ধসহ বেশ কয়েকজন আহত হন। মূলত স্থানীয় নুরুল খান ও গনি শেখের পরিবারের মধ্যে দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধের জেরেই এই ঘটনার সূত্রপাত। এমনকি ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ’ প্রকল্পের আওতায় নির্মাণাধীন একটি সরকারি বাড়ি ভেঙে ফেলার অভিযোগও ওঠে।

জিও-লোকেশন অনুসন্ধানের মাধ্যমেও নিশ্চিত হওয়া গেছে যে, উচাতারি গ্রামটি ভারতের আসাম রাজ্যের কোকরাঝাড় জেলার গোসাইগাঁও এলাকার অন্তর্গত।

কম্পেরিজন: আজকের পত্রিকা

সিদ্ধান্ত

বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার দাবিতে প্রচারিত ভিডিওটি ভারতের আসাম রাজ্যের। সেখানে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষের ভিডিও এটি।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com