হোম > ফ্যাক্টচেক > দেশ

‘৫১% সমর্থন পেলে আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার’— স্পিকার নামে বানোয়াট ফটোকার্ড

ফ্যাক্টচেক ডেস্ক

স্পিকার মেজর হাফিজের নামে প্রচারিত ফটোকার্ড। ছবি: স্ক্রিনশট

৫১ শতাংশ মানুষ সমর্থন দিলেই আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে— এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নামে উদ্ধৃতি দিয়ে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে।

এই দাবিতে পোস্ট আছে এখানে , এখানে এবং এখানে

‘Janurn Tv’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ১৪ মে আলোচিত দাবিতে সম্ভাব্য প্রথম পোস্টটি শেয়ার করা হয়। আজ (১৬ মে) দুপুর ১টা ৪৮ মিনিট পর্যন্ত পোস্টটিতে প্রায় ৩ হাজার ২০০ রিয়েকশন, ১ হাজার ১০০ কমেন্ট ও ৫২০ শেয়ার রয়েছে। শেয়ার করা পোস্টের কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, বেশিরভাগ কমেন্টকারী প্রচারিত দাবিটিকে সত্য মনে করছেন।

একজন বলেন, ‘শুধু একান্ন নয়, ৮০ ভাগ মানুষের সমর্থন রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে। সৎ সাহস থাকলে সকল ক্ষেত্রে সাধারণ নির্বাচন দিয়েই মানুষের জনমত যাচাই করা হোক।’

অপর একজন বলেন, ‘আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা উঠানো হবে ৫১% মানুষের সমর্থন পেলে। এই নিয়ে পক্ষে-বিপক্ষে ভোট নিয়ে দেখো—৯০% মানুষ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠায়া নেওয়ার পক্ষে। যাচাই করে দেখো তাহলেই বুঝতে পারবে, নয়তোবা পারবে না—তোমাদের বুঝার সেই ক্ষমতা হারিয়ে ফেলবে। অতএব ভোটের মাধ্যমে নিশ্চিত হও। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হবে বাংলার ১৮ কোটি মানুষের, ইনশাআল্লাহ। আরেকজন আবার বলেন, ৮৯% মানুষ রায় দিবে—আমি দিলাম।’ (ভাষা ও বানান অপরিবর্তিত)

আজকের পত্রিকার অনুসন্ধান

দাবিটির সঙ্গে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যমে এ ধরনের কোনো মন্তব্যের সত্যতা পাওয়া যায়নি। এ ছাড়া ‘Bangladesh Parliament-জাতীয় সংসদ’ নামের ভেরিফায়েড ফেসবুক পেজ পর্যালোচনা করেও স্পিকারের এ সম্পর্কিত কোনো বক্তব্যের সত্যতা পাওয়া যায়নি।

তবে অনুসন্ধানে বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভিতে পাওয়া প্রতিবেদন থেকে জানা যায়, গত ১২ মে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শনকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘অভ্যুত্থানের সময় মাফিয়া শেখ হাসিনা যে তাঁর খুনিদের সরাসরি হত্যার নির্দেশ দিয়েছেন, তার কলরেকর্ড আছে এই জাদুঘরে। শেখ হাসিনা বাংলাদেশে কলঙ্কিত থাকবে। এই জাদুঘর যতদিন থাকবে হাসিনা আর আওয়ামী লীগের মুখে থু থু দেবে জনগণ।’

আরও কিছু গণমাধ্যমেও একই তথ্য পাওয়া যায়। তবে আলোচিত দাবির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

মাইটিভির প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে ‘জনগণ যদি বিএনপির উপর ক্ষেপে যায়, আওয়ামী লীগ থেকে ভয়ানক পরিস্থিতি হবে: জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ’ ক্যাপশনে প্রায় এক মাস আগে ‘নতুন দিগন্ত সংবাদ’ নামের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করা একটি ভিডিও পাওয়া যায়।

ওই ভিডিওতে মেজর হাফিজকে বলতে শোনা যায়, ‘আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ভর করছে বিএনপির ওপরে। বিএনপি যদি সঠিকভাবে দেশ পরিচালনা করে তাহলে অওয়ামী লীগ চিরতরে বাংলাদেশ থেকে মুছে যাবে। আর জনগণ যদি আমাদের ওপর অর্থ্যাৎ বিএনপির ওপর খেপে যায় তাহলে সামনে খারাপ সময় অপেক্ষা করে আছে। তাই আগামীর বাংলাদেশ কেমন চলবে তা পুরোটাই বিএনপির ওপর নির্ভর করছে।’

অনুসন্ধানে ‘রিফাইন্ড আওয়ামী লীগ প্রসঙ্গে যা বললেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ’ ক্যাপশনে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের একটি ভিডিও পাওয়া যায়। সেখানেও আলোচিত দাবির পক্ষে কোনো মন্তব্য করতে শোনা যায়নি।

সর্বশেষে ‘জানুর্ন টিভি’ নামের পেজটির পরিচিতিতে লেখা রয়েছে, ‘এই পেজটি শুধু সচেতনতা ও বিনোদনের উদ্দেশ্যে, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’

এ ছাড়া পেজটিতে গতকাল ভিন্ন ভিন্ন সময়ে ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠতে পারে? নিবন্ধন ফিরে পাবে আওয়ামী লীগ দাবি — স্পিকারে, আওয়ামী লীগ নেতাকর্মী আনন্দ মিছিল, দাবি গণমাধ্যমে’ এবং ‘আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে আলোচনা? প্রধানমন্ত্রী নিয়ে আলোচনায় তারেক রহমান— মন্ত্রী সভা’, গনভোর্ট এর মাধ্যমে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা উঠানো হবে, জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ- দাবি গণমাধ্যম’ ক্যাপশনে একাধিক পোস্ট পাওয়া যায়।

জানুর্ন টিভির পেজে প্রায় একই রকম দাবিতে আরও কিছু পোস্ট। ছবি: স্ক্রিনশট

সিদ্ধান্ত

জনগণের ৫১ শতাংশ সমর্থন দিলে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা ওঠানো হবে এবং মামলা প্রত্যাহারের আলোচনা হবে মর্মে সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নামে প্রচারিত উদ্ধৃতিটি বানোয়াট।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

প্রতিবন্ধী ভাতা বন্ধের দাবিটি সঠিক নয়

শুভেন্দু অধিকারীর সঙ্গে শেখ হাসিনার সাক্ষাৎ দাবিতে প্রচারিত ছবিটি সম্পাদিত

ঘটনা একই, দুই বছরের ব্যবধানে পাল্টে গেল ভুক্তভোগী-অভিযুক্তের ধর্মপরিচয় ও দেশ

চুরির অভিযোগে নির্যাতনের ভিডিও ‘ছাত্রলীগ করার অপরাধে মারধর’ দাবিতে প্রচার

ভারতে প্রেমিক যুগলের মারামারির ঘটনাকে ঢাবির কথিত হল সমন্বয়ক সিনথিয়ার মাতলামি দাবিতে প্রচার

ভারতীয় মিডিয়াকর্মীদের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের ভিডিওটি ২০২৪ সালের

পাকিস্তানের ঘটনাকে চট্টগ্রামে হিন্দু তরুণীকে অপহরণ দাবিতে প্রচার

নেত্রকোনায় ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশু: নমুনা সংগ্রহের আগেই ডিএনএ টেস্টের প্রতিবেদন নিয়ে হইচই

সিলেটে আ.লীগ নেতাকে হত্যা দাবিতে ময়মনসিংহে দীপু দাস হত্যার ভিডিও প্রচার

শূকরের মাংস আমদানি নিয়ে আজহারী-আহমাদুল্লাহ-হামজার নামে ভুয়া বক্তব্য প্রচার